প্রশাসনিক কর্মকর্তা খাদেম হত্যা মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৩ এএম, ২৫ এপ্রিল ২০১৯

১০ বছর আগে আহমদুল্লাহ স্টেটের ক্ষমতা দখলকে কেন্দ্র করে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের প্রশাসনিক কর্মকর্তা আমিনুল হক খাদেম ওরফে আনিস খাদেমকে গুলি করে হত্যায় করা মামলার রায় আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ঘোষণা করা হবে।

ঢাকার ৪ নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার বেলা ১১টার দিকে এ রায় ঘোষণা করবেন।

বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের প্রশাসনিক কর্মকর্তা হাসান বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের প্রশাসনিক কর্মকর্তা আমিনুল হক খাদেম ওরফে আনিস খাদেম হত্যা মামলার রায় ঘোষণা করা হবে।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ৩ মে আহমদুল্লাহ স্টেটের ক্ষমতা দখলকে কেন্দ্র করে মালিবাগ হোল্ডিংয়ের পশ্চিম পাশে পরিকল্পিতভাবে আমিনুল হক খাদেম ওরফে আনিস খাদেমকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরের দিন তার ছেলে সাইদুল হক খাদেম রাজধানীর মতিঝিল থানায় একটি হত্যা মামলা করেন।

২০০৯ সালের ৩০ নভেম্বর আটজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন র‌্যাব-৩ এর সদস্য মজিবুর রহমান। অভিযুক্ত আটজনই আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ২০১৪ সালের ৮ জুন আসামিদের বিরুদ্ধে পেনাল কোডের ৩০২/৩৪/৩৭৯/৪১১ ধারায় অভিযোগ গঠন করেন আদালত। মামলায় বিভিন্ন সময়ে ১৭ জন সাক্ষ্য দিয়েছেন।

মামলার আসামিরা হলেন, শহিদুর রহমান খাদেম,আব্দুল্লাহ মোহাম্মদ নাজিম উদ্দিন বাবু, মাহবুব আলম লিটন, শেখ শামীম আহম্মেদ, জুয়েল, কামাল হোসেন বিপ্লব, সোহেল ও আজগর হোসেন রানা।

জেএ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।