সঙ্গীতশিল্পীর ফেসবুক হ্যাককারী ইভান কারাগারে
সঙ্গীতশিল্পীর ফেসবুক আইডি হ্যাককারী মো. মামুন অর রশিদ ইভানকে (১৯) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (৭ জুন) ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুইয়া এ আদেশ দেন।
এদিন একদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (৫ জুন) ইভানকে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জাল হোসেন একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার ইভানকে গ্রেফতার করে র্যাব। ইভান এক সঙ্গীতশিল্পীর ফেসবুক আইডি হ্যাক করে ব্যবহার করে আসছিলেন। নরসিংদী সদর থানার দাসপাড়ার হারুন অর রশিদের ছেলে ইভান।
র্যাব-২ জানায়, গত বছরের ১৫ আগস্ট হাসান আকতার মুহাম্মদ সিনা (৩০) নামের এক সঙ্গীতশিল্পীর ফেসবুক আইডি (Hasan sina) হ্যাক করেন Mamunur Rashid Evan নামে ফেসবুক অ্যাকাউন্টধারী মামুন অর রশিদ ইভান। এই পেজটি বিভিন্ন হ্যাকিং ও ট্রল গ্রুপের অ্যাডমিন হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এ বিষয়ে গত ২০ মে একটি অভিযোগ দেন ভুক্তভোগী। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৪ জুন) দুপুর দেড়টায় রাজধানীর শেরেবাংলা নগরের নিউরোসায়েন্স হাসপাতালের সামনে থেকে র্যাবের গোয়েন্দার একটি দল ইভানকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলে হ্যাক হওয়া আইডি লগ-ইন অবস্থায় পাওয়া যায়।
র্যাব-২ এর সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার এডিসি মো. মনিরুজ্জামান মনির জাগো নিউজকে বলেন, ‘একজন সঙ্গীতশিল্পীর ফেসবুক আইডি হ্যাক হওয়ার একটি অভিযোগ আসে আমাদের কাছে। এরপর আমরা তদন্ত শুরু করি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার শেরেবাংলা নগর থেকে ইভানকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি আইডি হ্যাক করেছেন বলে স্বীকার করেন।’
জেএ/বিএ/এমকেএইচ