ল্যাবএইডের আইসিইউতে রেজার মৃত্যু অবহেলায় কি না তদন্তের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ১১ মার্চ ২০২৪

রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় রাহিব রেজার মৃত্যু অবহেলায় হয়েছে কি না তদন্তে কমিটি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবীকে রাখতে বলা হয়েছে। পাশাপাশি অনুসন্ধান করে ওই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

একই সঙ্গে রুলে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে রাহিব রেজার মৃত্যুর ঘটনায় কেন ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

অন্যদিকে চিকিৎসকদের অবহেলায় রোগী মৃত্যুর ঘটনায় মেডিকেল বোর্ড গঠনের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

রাহিব রেজার পরিবারের পক্ষে করা রিটের শুনানি নিয়ে সোমবার (১১ মার্চ) হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রেশাদ ইমাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মো. সাইফুজ্জামান জামান।

আদেশের পর ব্যারিস্টার রাশনা ইমাম সাংবাদিকদের বলেন,রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে অ্যান্ডোসকপি করাতে গিয়ে কার্ডিয়াক অ্যারেস্টে রাহিব রেজার (৩১) মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে একজন সিনিয়র আইনজীবীকে রাখতে বলা হয়েছে। পাশাপাশি ওই কমিটিকে তিন মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

একই সঙ্গে চিকিৎসকদের অবহেলায় রোগী মৃত্যুর ঘটনায় মেডিকেল বোর্ড গঠনের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। রুলে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে রাহিব রেজার মৃত্যুর ঘটনায় কেন ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে অ্যান্ডোসকপি করাতে গিয়ে কার্ডিয়াক অ্যারেস্টে রাহিব রেজার (৩১) মৃত্যুর ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত, ল্যাবএইড ও সংশ্লিষ্ট চিকিৎসকের লাইসেন্স বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। একই সঙ্গে রিটে চিকিৎসকদের অবহেলায় মৃত্যুর ঘটনায় রাহিব রেজার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রাহিব রেজার পরিবারের পক্ষ থেকে এ রিট দায়ের করা হয়। রিটে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে, রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে অ্যান্ডোসকপি করাতে গিয়ে কার্ডিয়াক অ্যারেস্টে রাহিব রেজা (৩১) নামক এক যুবকের মৃত্যু হয়। তিনি রাজধানীর স্টার্টিক ইঞ্জিনিয়ারিং নামের একটি প্রতিষ্ঠানে প্রোডাক্ট ম্যানেজার ও আইটি কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

তার স্বজনদের অভিযোগ, ল্যাবএইড হাসপাতালে পরীক্ষার রিপোর্ট না দেখেই রাহিব রেজাকে অ্যানেস্থেসিয়া প্রয়োগ করা হয়। শারীরিক জটিলতার মধ্যেই অ্যান্ডোসকপি করা হয়। যে কারণে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং একপর্যায়ে শারীরিক অবস্থা আরও জটিল হলে তিনি মৃত্যুবরণ করেন।

গত ১৯ ফেব্রুয়ারি সকালে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় রাহিব রেজার মৃত্যু হয়।

'পেটে গ্যাসজনিত সমস্যার কারণে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাবের (স্বপ্নীল) কাছে যান রাহিব রেজা। এরপর গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ল্যাবএইডে অ্যান্ডোসকপি করানোর পরামর্শ দেন ডা. স্বপ্নীল।'

রোগীর স্বজনরা জানান, রাহিব রেজাকে গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় খালি পেটে ল্যাবএইড হাসপাতালে আসতে বলা হয়। যথাসময়ে তিনি হাসপাতালে এলেও অ্যান্ডোসকপি শুরু হয় রাত ১১টার দিকে। এর দেড় ঘণ্টা পরও রোগীকে বাইরে না আনা হলে একজন জোর করে অ্যান্ডোসকপি রুমে ঢুকে তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। এরপর অবস্থা জটিল হলে রাহিব রেজাকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সবশেষে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ ফেব্রুয়ারি সকালে তাকে মৃত ঘোষণা করা হয়।

অ্যান্ডোসকপি করার সময় ল্যাবএইড হাসপাতালে উপস্থিত ছিলেন রাহিব রেজার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু ফারহান ইসলাম। তিনি বলেন, ডা. স্বপ্নীলের বিরুদ্ধে প্রায়ই শুনতাম ঘণ্টার পর ঘণ্টা রোগীদের বসিয়ে রেখে এদিক-সেদিক চলে যেতেন। তারপরও রাহিব যেহেতু তাকে আগে দেখিয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে তার কাছেই অ্যান্ডোসকপি করবে, তখন আমিও সেখানে যাই। সন্ধ্যা সাড়ে ৬টায় আমরা সেখানে উপস্থিত হই এবং ডা. স্বপ্নীলের জন্য অপেক্ষা করতে থাকি। ১০টার দিকে তিনি আসেন। এরপর তাড়াহুড়ো করে রাহিবের পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট না দেখেই অ্যান্ডোসকপি করাতে নিয়ে যায়।

এফএইচ/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।