দিনে কতটুকু চকলেট খেলে মন ভালো থাকবে?
ভ্যালেন্টাইন সপ্তাহ মানেই মিষ্টি ভালোবাসার উদযাপন। ৯ ফেব্রুয়ারি ‘চকলেট ডে’। এই দিনে প্রিয় মানুষকে চকলেট উপহার দেওয়ার রেওয়াজ যেন এক আলাদা অনুভূতি। ছোট-বড় সবাই চকলেট ভালোবাসেন। তবে এখন অনেকেই স্বাস্থ্য সচেতন, তাই প্রশ্নটা স্বাভাবিক-চকলেট কি সত্যিই ভালো? আর খেলে কতটা খাওয়া নিরাপদ?
চকলেট মানেই যে শুধু ক্যালরি আর ওজন বাড়ার ভয়, বিষয়টা ঠিক তেমন নয়। বিশেষ করে ডার্ক চকলেট পরিমিত পরিমাণে খেলে শরীর ও মন দুটারেই উপকার হয়।
বিশেষজ্ঞদের মতে, দিনে এক থেকে দুই আউন্স অর্থাৎ প্রায় ৩০ থেকে ৬০ গ্রাম চকলেট খাওয়া যেতে পারে। তবে যতটা সম্ভব ৭০ শতাংশ বা তার বেশি কোকোযুক্ত ডার্ক চকলেট বেছে নেওয়াই ভালো।
মন ভালো রাখার রহস্য
চকলেট খেলে শরীরে অক্সিটোসিন ও ডোপামিনের মতো ‘ফিল-গুড’ হরমোন নিঃসৃত হয়। ফলে মন ভালো থাকে, মেজাজ ফুরফুরে হয়। মানসিক চাপ কমাতে ডার্ক চকলেট কার্যকর ভূমিকা রাখতে পারে। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন প্রায় ৪০ গ্রাম ডার্ক চকলেট খেলে কয়েক সপ্তাহের মধ্যেই স্ট্রেস হরমোনের মাত্রা কমতে শুরু করে।
হৃদযন্ত্রের সুরক্ষায় ডার্ক চকলেট
হৃদস্বাস্থ্যের জন্যও ডার্ক চকলেট উপকারী। এতে থাকা ফ্ল্যাভানল ও পলিফেনলস রক্তসঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং প্রদাহ কমায়। নিয়মিত অল্প পরিমাণে ডার্ক চকলেট খেলে হৃদরোগের ঝুঁকি কমতে পারে। পাশাপাশি ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে ডায়াবেটিসের ঝুঁকিও কমাতে সহায়তা করে।
অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর
ডার্ক চকলেট অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। এই উপাদানগুলো কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং ক্যানসার প্রতিরোধে সহায়ক হতে পারে। কিছু গবেষণায় এমনও বলা হয়েছে, অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণের দিক থেকে ডার্ক চকলেট অনেক ফলের চেয়েও এগিয়ে।
তবে মনে রাখতে হবে, অতিরিক্ত চকলেট খাওয়া ভালো নয়। এতে ক্যাফেইন ও চিনি থাকে, যা বেশি খেলে ঘুমের সমস্যা, অস্বস্তি বা ওজন বাড়ার ঝুঁকি তৈরি করতে পারে। তাই আনন্দের জন্য খান, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে নয়।
ভালোবাসার দিনে প্রিয়জনকে চকলেট উপহার দিন, নিজেও খান-তবে পরিমিত। কারণ সঠিক মাত্রায় চকলেট শুধু স্বাদই দেয় না, মন ভালোও রাখে।
সূত্র: ইন্ডিয়া টুডে, হেলথলাইন ও অন্যান্য
আরও পড়ুন:
অনেকদিনের প্রেমেও কি প্রপোজ করা জরুরি
ডায়াবেটিস রোগীরা কি সব ফল খেতে পারবেন
এসএকেওয়াই/