মধ্যপ্রাচ্য সংকট

নিরাপত্তার নিশ্চয়তাদাতা হিসেবে কাজ করছে রাশিয়া: আলি বাঘেরি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১৫ মে ২০২৬
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান আলি বাঘেরি /ছবি: তাসনিম নিউজ এজেন্সি

মধ্যপ্রাচ্য সংকটে জাতিসংঘে নিজেদের পদক্ষেপের মাধ্যমে নিরাপত্তার নিশ্চয়তাদাতা (সিকিউরিটি গ্যারান্টর) হিসেবে কাজ করছে রাশিয়া। বৃহস্পতিবার (১৪ মে) রুশ নিরাপত্তা পরিষদের উপ-সচিব আলেকজান্ডার ভেনেদিকতভের সঙ্গে বৈঠক শেষে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান আলি বাঘেরি এ কথা জানিয়েছেন।

সাংহাই সহযোগিতা সংস্থার নিরাপত্তা পরিষদের সচিবদের বৈঠকে তেহরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাঘেরি। এই সম্মেলনের ফাঁকে রুশ ও ইরানি নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বাঘেরির ভাষায়, আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকানদের কর্মকাণ্ড প্রমাণ করেছে যে তারা বিশ্বকে এমন এক জঙ্গলে পরিণত করতে চায়, যেখানে আইনের শাসনের কোনো স্থান নেই।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রাশিয়ার দৃঢ় অবস্থান বাস্তবে দেখিয়েছে যে মস্কো আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বিশ্বকে জঙ্গলে পরিণত হতে দেবে না।

বাঘেরি আরও বলেন, অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে আনা মার্কিন খসড়া প্রস্তাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভেটো প্রয়োগ প্রমাণ করেছে যে মস্কো নিরাপত্তার গ্যারান্টর হিসেবে কাজ করছে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, রাশিয়ার কৌশলগত দৃষ্টিভঙ্গির মূল কথা হলো-যুক্তরাষ্ট্রকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ব্যবহার করে তাদের আগ্রাসী কর্মকাণ্ড বৈধতা দেওয়া থেকে বিরত রাখা।

তার মতে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ ধরনের যেকোনো মার্কিন প্রচেষ্টার জবাবে রাশিয়া বুদ্ধিদীপ্ত পাল্টা কৌশল গ্রহণ করবে।

বাঘেরি বলেন, এই কঠিন পরিস্থিতিতে আমাদের বন্ধুদের অবস্থান স্বাভাবিক সময়ের চেয়েও বেশি স্পষ্ট হয়ে উঠেছে। যখন আমেরিকান ও জায়নবাদীদের আগ্রাসনের মুখে আমাদের জনগণ ও দেশ রয়েছে, তখন বন্ধু ও প্রতিবেশী রাশিয়ার দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে দৃঢ় অবস্থান আমাদের কৃতজ্ঞতার দাবিদার।

তিনি আরও বলেন, আমেরিকান ও ইসরায়েলিরা শুধু ইরানের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্যই নয়, আন্তর্জাতিক আইন, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্যও হুমকি সৃষ্টি করেছে।

সূত্র:তাস

কেএম 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।