নজরকাড়া সাদিয়ার ঈদ লুক
মেঘলা আকাশ, হালকা বৃষ্টির ছোঁয়া এই আবহে ঈদের সাজ যদি হয় কোমল, সতেজ আর প্রাকৃতিক আভায় ভরপুর, তাহলে পুরো লুকেই ফুটে ওঠে এক ধরনের প্রশান্ত সৌন্দর্য। ঠিক এমনই এক স্নিগ্ধ ও রিফ্রেশিং উপস্থিতিতে ধরা দিয়েছেন ফ্যাশনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। আপনি যদি এ ঈদে ভিন্নধর্মী কিন্তু চোখে পড়ার মতো একটি লুক খুঁজে থাকেন, তাহলে তার এই সাজ হতে পারে অনুপ্রেরণা।
বৃষ্টিভেজা দিনের সঙ্গে মানানসই একটি নরম, প্রশান্ত ভাব বজায় রেখেই সাদিয়া বেছে নিয়েছেন মাস্টার্ড-অরেঞ্জ রঙের হালকা শিয়ার শাড়ি। শাড়িটির চারপাশে সূক্ষ্ম সোনালি বর্ডার এবং জমিনজুড়ে জড়ি সুতার কাজ এটিকে দিয়েছে এক ধরনের রাজকীয় অথচ সংযত আভা। এর সঙ্গে ডিপ সবুজ স্লিভলেস ব্লাউজের জুটি পুরো লুকে এনেছে কনট্রাস্টের মাধুর্য, যা সহজেই আপনিও নিজের স্টাইলে প্রয়োগ করতে পারেন।
আরও পড়ুন:
- সালোয়ার-কামিজে প্রাণবন্ত সাফা
- হট পিংকে নীহার ফেস্টিভ স্টাইল স্টেটমেন্ট
- নরম আভায় ধরা দিলেন গ্ল্যামারাস মিম
মেকআপে তিনি রেখেছেন একেবারেই ন্যাচারাল গ্লো। ডিউই ফিনিশের ত্বক, হালকা স্মোকি আইয়ের সঙ্গে সবুজ আন্ডারলাইন, নিখুঁতভাবে সাজানো ভ্রু আর ন্যুড টোনের লিপ সব মিলিয়ে তার লুকটি হয়েছে সতেজ ও প্রাণবন্ত। কপালে ছোট সবুজ টিপ যোগ করেছে ঐতিহ্যের মৃদু ছোঁয়া, যা পুরো সাজকে আরও ভারসাম্যপূর্ণ করে তুলেছে।
গয়নার ক্ষেত্রেও ছিল সংযমের ছাপ। সাদিয়া বেছে নিয়েছেন মিনিমাল ডিজাইনের গোল্ডেন চোকার এবং তার সঙ্গে মানানসই ড্রপ ইয়াররিংস। হাতে সবুজ কাঁচের চুড়ি পুরো লুকের সঙ্গে মিল রেখে বাঙালিয়ানার আবেশকে আরও গাঢ় করেছে। চুল মাঝখান থেকে সিঁথি করে পরিপাটি করে পেছনে সেট করা, যা তার স্নিগ্ধ উপস্থিতিকে আরও পরিপূর্ণ করেছে।
সাদিয়া আয়মানের এই ঈদ লুকটি প্রমাণ করে অতিরিক্ত ভারী সাজ নয়, বরং সঠিক রঙের সমন্বয়, হালকা গ্লোয়ি মেকআপ আর পরিমিত গয়নার মাধ্যমেই তৈরি করা যায় এমন একটি আকর্ষণীয় লুক, যা একই সঙ্গে ঐতিহ্যবাহী, আধুনিক এবং ঋতুর আবহের সঙ্গে একদম মানানসই।
জেএস/