বৈশাখের রঙে নজরকাড়া বাঁধন
প্রাণের উৎসব পয়লা বৈশাখ মানেই রঙের উচ্ছ্বাস, ঐতিহ্যের ছোঁয়া আর নির্মল আনন্দের এক বিশেষ আয়োজন। এই উৎসবের আবহকে আরও জীবন্ত করে তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন তার মনকাড়া সাজে।
যারা নববর্ষে অতিরিক্ত আড়ম্বর এড়িয়ে সহজ, পরিপাটি ও ঐতিহ্যনির্ভর লুকে নিজেকে উপস্থাপন করতে চান, তাদের জন্য বাঁধনের এই স্টাইল হতে পারে দারুণ অনুপ্রেরণা।
লাস্যময়ী এই অভিনেত্রী বেছে নিয়েছেন সাদা রঙের একটি শাড়ি, যার পাড়জুড়ে লাল ও কমলা ফুলেল নকশা, যা বৈশাখের চিরায়ত রঙের প্রতিফলন।
শাড়িটির মোলায়েম ভাব ও সূক্ষ্ম নকশা তার ব্যক্তিত্বে এনেছে এক আলাদা মাত্রা। এর সঙ্গে মানানসই স্লিভলেস লাল ব্লাউজ পুরো লুকটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
অ্যাকসেসরিজে তিনি রেখেছেন সংযমী কিন্তু দৃষ্টিনন্দন ছোঁয়া। বড় সোনালি ঝুমকা কানের দুলই হয়েছে প্রধান আকর্ষণ, তাই গলায় কোনো হার পরেননি। এক হাতে লাল কাঁচের চুড়ির সঙ্গে সোনালি চুড়ির মিশেল তাঁর সাজে যোগ করেছে উৎসবের আমেজ।
চুলের সাজেও রয়েছে ঐতিহ্যের ছাপ। পরিপাটি খোঁপায় সাদা ফুলের গাজরা ব্যবহার করেছেন, যা বৈশাখী সাজের একটি চিরন্তন অনুষঙ্গ।
গরমের কথা মাথায় রেখে মেকআপে রেখেছেন স্বাভাবিকতা। চোখে হালকা আইলাইনার ও কাজল, ঠোঁটে মভ-ব্রাউন লিপস্টিক এবং কপালে লাল টিপ, সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে এক স্নিগ্ধ, মার্জিত ও ঐতিহ্যবাহী বাঙালি রূপ।
জেএস/