ভিড়ের মধ্যে হঠাৎ অসুস্থ লাগছে, জানুন করণীয়
‘ভিড়’ শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বাসস্ট্যান্ড, বাজার, মেলা, স্টেডিয়াম কিংবা কোনো রাজনৈতিক সমাবেশের ছবি। মানুষের ভিড়ে ঠাসা জায়গায় হঠাৎ করেই অনেকের মাথা ঘোরা, বমিভাব, শ্বাসকষ্ট বা অস্বস্তি শুরু হওয়া অস্বাভাবিক কিছু নয়। কেউ আবার চোখে অন্ধকার দেখে বসে পড়েন মাটিতে। এমন পরিস্থিতি শুধু বিব্রতকরই নয়, কখনও কখনও ঝুঁকিপূর্ণও হতে পারে। তাই ভিড়ের মধ্যে হঠাৎ অসুস্থ লাগলে কী করবেন, কেন এমন হয় এবং কীভাবে আগে থেকেই সতর্ক থাকবেন এসব বিষয় জানা জরুরি।
কেন ভিড়ে অসুস্থ লাগে?
ভিড়ের মধ্যে শরীর খারাপ লাগার পেছনে একাধিক কারণ থাকতে পারে। যেমন অক্সিজেনের ঘাটতি ও গরম পরিবেশ, পানিশূন্যতা, আতঙ্ক বা উদ্বেগ, রক্তচাপ বা রক্তে শর্করার তারতম্য। এসব কারণে ভিড়ে হঠাৎ অসুস্থ লাগতে পারে।
হঠাৎ অসুস্থ লাগলে কী করবেন?
- ভিড়ের মধ্যে নিজেকে সামলানোই প্রথম কাজ। আতঙ্কিত না হয়ে ধীরে ধীরে নিচের পদক্ষেপগুলো নিন-
- দ্রুত খোলা জায়গা খুঁজুন। সম্ভব হলে ভিড় থেকে একটু সরে গিয়ে খোলা বা বাতাস চলাচল আছে এমন জায়গায় যান। বসার সুযোগ পেলে বসে পড়ুন। দাঁড়িয়ে থাকলে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে।
- গভীর নিঃশ্বাস নিন। চোখ বন্ধ করে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিন, মুখ দিয়ে ছাড়ুন। কয়েকবার এমন করলে শরীর কিছুটা স্বাভাবিক হতে শুরু করবে। শ্বাসের গতি নিয়ন্ত্রণে আনলে উদ্বেগও কমে।
- অল্প অল্প করে পানি পান করুন। পানিশূন্যতা থাকলে এতে উপকার মিলবে।
- গরম বা শ্বাসকষ্ট লাগলে গলার বোতাম, ওড়না বা টাইট পোশাক ঢিলা করুন। এতে শরীর স্বস্তি পায়।
- নিজে থেকে দাঁড়িয়ে থাকতে কষ্ট হলে আশেপাশের কাউকে জানান। প্রয়োজনে কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবক বা চিকিৎসা সহায়তা নিন।
কখন জরুরি চিকিৎসা নেবেন?
- বুকব্যথা বা তীব্র চাপ অনুভব
- শ্বাস নিতে মারাত্মক কষ্ট
- কয়েক মিনিটের বেশি অজ্ঞান থাকা
- খিঁচুনি হওয়া
- অতিরিক্ত ঘাম ও ফ্যাকাশে হয়ে যাওয়া
এসব ক্ষেত্রে বিষয়টি সাধারণ দুর্বলতা নয়, গুরুতর শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে।
আগে থেকেই কীভাবে সতর্ক থাকবেন?
- হালকা ও আরামদায়ক পোশাক পরুন
- বাইরে যাওয়ার আগে খেয়ে নিন
- সঙ্গে পানি রাখুন
- পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন
- নিজের শারীরিক সমস্যা সম্পর্কে সচেতন থাকুন
- রক্তচাপ, ডায়াবেটিস বা উদ্বেগজনিত সমস্যা থাকলে প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন।
আমাদের অনেকেই বুঝতে পারি না ভিড় শুধু শারীরিক নয়, মানসিক চাপও তৈরি করে। শব্দ, গরম, মানুষের চাপ সব মিলিয়ে মস্তিষ্কে এক ধরনের অতিরিক্ত উদ্দীপনা তৈরি হয়। এতে শরীর প্রতিক্রিয়া দেখায়। তাই নিজেকে জানাটা জরুরি। আপনি যদি জানেন যে ভিড় আপনাকে অস্বস্তিতে ফেলে, তাহলে আগে থেকেই পরিকল্পনা করুন কম সময় থাকবেন, নির্গমন পথ চিনে রাখবেন, প্রয়োজনে কারও সঙ্গে যাবেন।
তথ্যসূত্র: ডক্টরস ডায়লগ
জেএস/