নজরকাড়া মেহজাবীনের অ্যাওয়ার্ড নাইট লুক
মেহজাবীন চৌধুরী মানেই ফ্যাশন আর আভিজাত্যের এক অনন্য সমন্বয়। প্রতিটি উপস্থিতিতেই তিনি যেন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ফ্লোরাল শাড়িতে তার যে উপস্থিতি দেখা গেছে, তা মুহূর্তেই নজর কেড়েছে ফ্যাশনপ্রেমীদের।
প্যাস্টেল টোন, অভিজাত গয়না আর ক্লাসিক মেকআপ সব মিলিয়ে তার পুরো লুক ছিল একেবারে রূপকথার মতো।
‘সাবা’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি পাওয়ার সেই বিশেষ রাতটিকে আরও স্মরণীয় করে তুলেছিলেন তিনি নিজের স্টাইল স্টেটমেন্ট দিয়ে।
ব্যক্তিগত রুচি আর রাজকীয় আভিজাত্যের মিশেলে সাজানো এই উপস্থিতি যেন পুরনো বনেদি সৌন্দর্যকে নতুন করে সামনে এনেছে। তার পুরো স্টাইলিংয়ে ছিলেন স্টাইলিস্ট জাহিদ খান, যিনি এই লুকটিকে দিয়েছেন নান্দনিক ও ক্লাসিক টাচ।
এই অনুষ্ঠানে মেহজাবীনের পরনে ছিল ডিজাইনার আনজারার তৈরি সি-গ্রিন প্যাস্টেল শেডের এক মনকাড়া শাড়ি।
শাড়িটির পুরো অংশজুড়ে ছিল রঙিন ফ্লোরাল মোটিফ, আর বর্ডারে জারদৌসি ও স্টোনের সূক্ষ্ম কাজ, যা তাকে দিয়েছে এক রাজকীয় আভা। একই রঙের ফুল-স্লিভ সিল্ক ব্লাউজ তার পুরো সাজে যোগ করেছে শুদ্ধ ও অভিজাত সৌন্দর্য।
গহনার ক্ষেত্রে ছিল সম্পূর্ণ এলিগেন্সের ছোঁয়া। এলো’র ডিজাইনের গলায় এন্টিক গোল্ড টোনের ভারী চোকার, কানে ছোট স্টাড ইয়াররিংস, হাতে চওড়া বালা এবং স্টেটমেন্ট রিং সবকিছু মিলিয়ে তার লুককে করেছে আরও পরিপূর্ণ ও দৃষ্টিনন্দন।
মেকআপ ও হেয়ারস্টাইলেও ছিল নরম ও পরিমিত সৌন্দর্যের প্রকাশ।
জাহিদ খানের ব্রাইডাল মেকওভারে চোখে ছিল সূক্ষ্ম কাজল আর ঠোঁটে ন্যুড গ্লসি লিপস্টিক, যা তার মুখশ্রীকে দিয়েছে কোমল আভিজাত্য। কপালে ছোট সাদা স্টোনের টিপ পুরো লুকে এনেছে ঐতিহ্যের স্পর্শ।
চুলে ছিল তাজা গোলাপে সাজানো ক্লাসিক নিট বান, যা পুরো উপস্থিতিতে যোগ করেছে এক রোমান্টিক ও রাজকীয় আবহ।
সব মিলিয়ে সেই পুরস্কারজয়ী রাতে মেহজাবীন চৌধুরীর উপস্থিতি ছিল সৌন্দর্য, আভিজাত্য আর পরিমিত ফ্যাশনের এক নিখুঁত উদাহরণ।
জেএস/