ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

ডায়েটে রাখুন তরমুজ, কমবে বাড়তি ওজন

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১১:৩০ এএম, ০১ এপ্রিল ২০২৬

বাজারে এখন তরমুজের সমারোহ। টকটকে লাল, রসালো আর মিষ্টি স্বাদের এই ফলটি ছোট-বড় সবার কাছেই ভীষণ প্রিয়। তরমুজ খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন। গরমের দিনে এক টুকরো ঠান্ডা তরমুজ যেন এনে দেয় স্বস্তির ছোঁয়া।

তরমুজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এতে প্রচুর পরিমাণে পানি থাকে। তাই প্রচণ্ড গরমে শরীরকে হাইড্রেটেড রাখতে এটি দারুণ কার্যকর। শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও ভরপুর এই ফলটি শরীরের জন্য বেশ উপকারী। রক্তশূন্যতা কমাতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও তরমুজ সহায়ক ভূমিকা রাখে।

গরমে পুষ্টির সহজ উৎস
তরমুজে রয়েছে ভিটামিন ‘এ’, ‘সি’, বিভিন্ন খনিজ উপাদান এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। গরমের সময় শরীর থেকে পানি ও প্রয়োজনীয় মিনারেল দ্রুত বের হয়ে যায়। তরমুজ সেই ঘাটতি পূরণ করে শরীরকে সতেজ রাখে। তাই দৈনন্দিন খাদ্যতালিকায় তরমুজ রাখলে সহজেই পুষ্টির চাহিদা মেটানো যায়।

 jago news

ওজন কমাতে সহায়ক
অনেকেই ভাবেন, মিষ্টি ফল বলে তরমুজ ওজন বাড়াতে পারে। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। তরমুজে ক্যালোরি কম এবং পানির পরিমাণ বেশি হওয়ায় এটি পেট ভরায় কিন্তু অতিরিক্ত ক্যালোরি যোগ করে না। ফলে যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য তরমুজ একটি আদর্শ খাবার। নিয়মিত তরমুজ খেলে শরীরের পানির ভারসাম্য ঠিক থাকে, যা ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, যারা নিয়মিত তরমুজ খান, তারা ধীরে ধীরে কোমরের অতিরিক্ত মেদ কমাতে সক্ষম হন। এর পেছনে রয়েছে তরমুজের উচ্চ পানি ও পুষ্টিগুণসমৃদ্ধ উপাদান, যা শরীরের বিপাকক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ পদার্থশুধু শরীরকে সুস্থ রাখে না, রোগ প্রতিরোধক্ষমতাও বাড়ায়। ফলে ডায়েটের সময় শরীর দুর্বল হয়ে পড়ার ঝুঁকিও কম থাকে।

পুষ্টিবিদদের মতে, তরমুজে ক্যালোরির পরিমাণ খুবই কম। তাই তুলনামূলক বেশি পরিমাণে খেলেও শরীরে অতিরিক্ত ক্যালোরি জমা হয় না। এটি ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

শরীরকে ডিটক্স করে
তরমুজ শরীরের ভেতরে জমে থাকা ক্ষতিকর পদার্থ বের করে দিতে সাহায্য করে। এতে থাকা পানি ও পুষ্টি উপাদান শরীরকে প্রাকৃতিকভাবে পরিষ্কার রাখে। যারা নিয়মিত তরমুজ খান, তাদের শরীরে টক্সিন জমার প্রবণতা কম থাকে।

ত্বক ও চোখের যত্নে
তরমুজে থাকা লাইকোপিন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে। এছাড়া ভিটামিন ‘এ’ চোখের জন্য উপকারী, যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। গরমে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, সেখানে তরমুজ ত্বকে আর্দ্রতা বজায় রাখতে ভূমিকা রাখে।

হৃদ্‌যন্ত্র ও কিডনির জন্য ভালো
তরমুজে থাকা পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও সোডিয়াম শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গকে সুস্থ রাখতে সাহায্য করে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও সহায়ক। পাশাপাশি কিডনি ও লিভারের কার্যক্ষমতা ঠিক রাখতে তরমুজের ভূমিকা উল্লেখযোগ্য।

মানসিক প্রশান্তি
প্রচণ্ড গরমে শরীরের পাশাপাশি মনও ক্লান্ত হয়ে পড়ে। তরমুজ খেলে শরীরে ঠান্ডা অনুভূতি তৈরি হয়, যা মানসিক প্রশান্তি এনে দেয়। তাই গরমে ক্লান্তি দূর করতে তরমুজ হতে পারে সহজ ও প্রাকৃতিক সমাধান।

তরমুজ শুধু একটি সুস্বাদু ফল নয়, বরং গরমের দিনে শরীরকে সুস্থ, সতেজ ও কর্মক্ষম রাখতে একটি পূর্ণাঙ্গ পুষ্টির উৎস। তাই মৌসুমে যতটা সম্ভব তরমুজ খাওয়ার অভ্যাস গড়ে তুললে উপকার পাবেন সহজেই।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ভেরি ওয়েল মাইন্ড

এসএকেওয়াই

আরও পড়ুন