সাংবাদিক জাকারিয়া কাজল মারা গেছেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
জ্যেষ্ঠ সাংবাদিক জাকারিয়া কাজল/ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ সাংবাদিক জাকারিয়া কাজল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। জাকারিয়া কাজল দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিসহ শারিরীক নানা জটিলতায় ভুগছিলেন।

আগামীকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১টায় প্রথমে জাতীয় প্রেস ক্লাব ও পরে ডিআরইউ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে মরদেহ দাফন করা হবে বলে জানা গেছে।

জাকারিয়া কাজল জাতীয় প্রেস ক্লাবের সদস্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ইকোনমিক রিপোর্টার ফোরামের (ইআরএফ) স্থায়ী সদস্য এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক যুগ্ম মহাসচিব ছিলেন। তিনি বেসরকারি টেলিভিশন বাংলা টিভি ও যমুনা টিভির হেড অব নিউজ হিসেবে কাজ করেছেন। এ ছাড়াও কর্মজীবনে দৈনিক আজাদ, ইনকিলাব ও অবজারভারে দীর্ঘদিন কাজ করেছেন তিনি।

বিশিষ্ট সাংবাদিক জাকারিয়া কাজল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর করেন। তার মৃত্যুতে মিডিয়া অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। প্রেসক্লাব, ডিআরইউ, ইআরএফ-সহ কয়েকটি সাংবাদিক সংগঠন তার মৃত্যুতে শোক জানিয়েছে।

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল ১৯৫৯ সালের ১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন।

এনএইচ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।