ডিআরইউতে সাংবাদিকদের জন্য ৭ দিনের এআই প্রশিক্ষণ শেষ হচ্ছে শুক্রবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ০৭ মে ২০২৬

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত সাতদিন ব্যাপি সাংবাদিকতায় এআই প্রশিক্ষণের ষষ্ঠ দিন সম্পন্ন হয়েছে আজ বৃহস্পতিবার। এরই মধ্যে তিন শতাধিক সদস্য হাতে কলমে এআই প্রশিক্ষণ নিয়েছেন। আগামীকাল শুক্রবার সমাপনী দিন। সমাপনি অনুষ্ঠানে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

সাংবাদিকতায় এআই-এর ব্যবহার ও দক্ষতা বাড়াতে ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে ‘AI-Powered Journalism: Opportunities, Risks and Digital Security’ শীর্ষক সপ্তাহব্যাপি এ আয়োজন শুরু হয় গত শনিবার। এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ ও গেমপ্লিফাই-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মশালার অংশ হিসেবে বৃহস্পতিবার ৬ষ্ঠ দিনের প্রশিক্ষণ সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

এদিনের আলোচনায় প্রশিক্ষনার্থীদের মধ্যে অন্যতম আগ্রহের বিষয় ছিলো গুগলের নোটবুক এলএম। সাংবাদিকদের জন্য এটা এক নতুন সম্ভাবনার দুয়ার উম্মোচন করেছে। বড় আকারের অডিও, ভিডিও কিংবা পিডিএফ ফাইল আপলোড করে সহজেই সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য, বিশ্লেষণ এবং সংবাদ উপাদান বের করা সম্ভব হচ্ছে।

DRU Trainning

দিনব্যাপি সেশনে মূলত দেখানো হয়, কিভাবে দীর্ঘ ও জটিল কনটেন্ট থেকে দ্রুত কার্যকর ইনসাইট বের করা যায়। বিশেষ করে অনুসন্ধানী ও ডেটা-নির্ভর সাংবাদিকতায় এর ব্যবহার অত্যন্ত কার্যকর হতে পারে। সময় সাশ্রয় করে নির্ভুল তথ্য সংগ্রহ এবং স্টোরি ডেভেলপমেন্টে এটি উল্লেখযোগ্য সহায়তা দিতে সক্ষম। এআই যুগে এমন টুলের দক্ষ ব্যবহার নিশ্চিত করা গেলে সাংবাদিকতা আরও গতিশীল ও কার্যকর হয়ে উঠবে বলে মনে করেন প্রশিক্ষকরা।

ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ‘বর্তমান সময়ে সাংবাদিকতায় এআই কেবল একটি প্রযুক্তি নয়, বরং এটি কাজের গতি, তথ্যের নির্ভুলতা এবং বিশ্লেষণের সক্ষমতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। সংবাদ সংগ্রহ, যাচাই ও উপস্থাপনের প্রতিটি ধাপেই এখন এআই ভূমিকা রাখছে। তাই সাংবাদিকদের জন্য এআই বিষয়ে দক্ষতা অর্জন সময়ের দাবি, যাতে তারা পরিবর্তিত পরিস্থিতিতে আরও দক্ষভাবে কাজ করতে পারেন।’

তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল বলেন, ‘প্রশিক্ষণ কর্মশালাটি ইতোমধ্যেই বেশ জমে উঠেছে এবং এতে অনেক সিনিয়র সাংবাদিকও অংশ নিচ্ছেন। দিন শেষে অংশগ্রহণকারীদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অনেকেই মনে করছেন, এমন একটি প্রশিক্ষণ তাদের জন্য খুবই প্রয়োজন ছিল।’ তিনি বলেন, ‘সংবাদকর্মীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করাই ডিআরইউর প্রধান লক্ষ্য, আর সেই লক্ষ্য বাস্তবায়নেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

DRU Trainning

আয়োজকরা জানান, এআই ব্যবহারের নৈতিকতা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার বিষয়গুলোও প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং পরিবর্তিত মিডিয়া পরিবেশে তাদের আরও সক্ষম করে তোলাই মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাংগঠনিক সম্পাদক এমএম জসিম, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়া, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ উপ কমিটির সদস্য সচিব আল আমিন আজাদ, গেমপ্লিফাইয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহফুজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মকর্তাা।

বৃহস্পতিবার ৫০ জনের বেশি সংবাদকর্মী এই নিবিড় প্রশিক্ষণে অংশ নিয়েছেন। আগামীকাল শুক্রবার এই কর্মশালার সমাপণী দিন।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।