ঢাকায় জার্নালিজম কনফারেন্স শুরু, অংশ নিচ্ছেন ৫৪৭ সাংবাদিক-বিশেষজ্ঞ
রাজধানীতে প্রথমবারের মতো দুদিনব্যাপী 'বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স' শুরু হয়েছে। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, পর্তুগালসহ ১০ দেশের প্রায় সাড়ে পাঁচশ সাংবাদিক ও গণমাধ্যম বিশেষজ্ঞ অংশ নিয়েছেন।
শুক্রবার (৮ মে) সকাল ৯টায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এ সম্মেলনের উদ্বোধন করা হয়। মিডিয়া রিসার্চ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) ২৫ বছরপূর্তি উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে ১২ সেশনে দেশি-বিদেশি ২০ জন বিশেষজ্ঞ অনুসন্ধানী সাংবাদিকতাসহ গণমাধ্যমের সমস্যা ও তা উত্তরণ এবং জবাবদিহি বিষয়ে আলোচনা করবেন।

উদ্বোধন পর্বে বক্তব্য দেন ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুজান ভাইজ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলস উইক, জিআইজেনের নির্বাহী পরিচালক এমিলিয়া ডিয়াজ স্ট্রাক ও মিডিয়া রিসার্চ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।

বক্তারা গণতান্ত্রিক অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকা, জবাবদিহি, সুশাসন এবং গণমাধ্যমকর্মীদের ঝুঁকি এবং নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। সম্মেলনে এসব বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে পেশাগত উন্নয়ন ঘটবে বলে আশা প্রকাশ করেন তারা।
আরও পড়ুন
দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল
এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, উদ্বোধনপর্বের পর বিভিন্ন সেশন অনুষ্ঠিত হবে। সেশনগুলোতে গণমাধ্যমের জবাবদিহি, অভিযোগ নিষ্পত্তি, স্বাধীন গণমাধ্যমের পরিবেশ, ডিজিটাল সংবাদকক্ষ রূপান্তর, তথ্যের ব্যবহার, লিঙ্গসমতা, অন্তর্ভুক্তি, সাংবাদিকদের নিরাপত্তা ও নাগরিক সমাজের মধ্যে শক্তিশালী অংশীদারত্ব নিয়ে আলোচনা হবে।

এছাড়া সম্মেলনে ৬১ জন সাংবাদিক ফেলোশিপ অর্জন করেছেন। তারা তাদের সংবাদের ধারণাগুলোও সম্মেলনে তুলে ধরবেন বলেও জানান তিনি।

এদিকে অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য অধিকার, তথ্য যাচাই এবং মানসিক স্বাস্থ্য সহায়তায় সম্মেলনস্থলে চারটি সহায়তা ডেস্ক স্থাপন করা হয়েছে। শনিবার (৯ মে) এ সম্মেলন শেষ হবে।
এএএইচ/বিএ