সাংবাদিক সালেহীনের পরিবারকে আইজিপি’র আর্থিক সহায়তা


প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ১৮ জুন ২০১৫

প্রয়াত সাংবাদিক শামসুস সালেহীনের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক। বৃহস্পতিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে নিজ অফিস কক্ষে সালেহীনের স্ত্রীর হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন আইজিপি।
 
এসময় প্রয়াত সালেহীনের স্ত্রী এ মহতী উদ্যোগ ও মহানুভবতার জন্য আইজিপির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (অপারেশন) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিআইজি (মিডিয়া অ্যান্ড প্লানিং) মো. লুৎফর রহমান মন্ডল, এআইজি (এমঅ্যান্ডপিআর) মো. নজরুল ইসলাম, এআইজি (গোপনীয়) মো. মনিরুজ্জামান, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এর উপদেষ্টা গাফফার মাহমুদ, সভাপতি মো. ইশারফ হোসেন ইশা, সহ-সভাপতি জনাব মুহ. জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মো. সহিদুল ইসলাম রানা, দপ্তর সম্পাদক মো. ইসমাইল হোসেন ইমু এবং নির্বাহী সদস্য মো. আসাদুজ্জামান বিকু উপস্থিত ছিলেন।
 
বৃহস্পতিবার এআইজি (এমএন্ডপিআর) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
 
উল্লেখ্য, শামসুস সালেহীন দীর্ঘদিন রোগ ভোগের পর গত ১০ মার্চ ইন্তেকাল করেন। সর্বশেষ তিনি দৈনিক আমার দেশ পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব রেখে গেছেন।

জেইউ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।