বিশেষায়িত চ্যানেল ছাড়া কাঙ্ক্ষিত মান অর্জন সম্ভব নয়

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ৩০ এপ্রিল ২০১৮

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, দেশে বিশেষায়িত টিভি চ্যানেলের সংখ্যা অতি নগণ্য, নেই বললেই চলে। বিশেষায়িত চ্যানেল ছাড়া কাঙ্ক্ষিত মান অর্জন সম্ভব নয়।

তিনি বলেন, বিদেশি চ্যানেলগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় বেশিরভাগ চ্যানেলই বিশেষায়িত ধরনের। কিন্তু আমাদের দেশে একই চ্যানেল সংবাদ প্রচার হতে শুরু করে নাটক, চলচ্চিত্র, শিল্প-সংস্কৃতি, সাহিত্য ও বিনোদনসহ নানাধর্মী অনুষ্ঠান প্রচার করে থাকে। ফলে তাদের পক্ষে সংবাদ ও অনুষ্ঠানের কাঙ্ক্ষিত মান বজায় রাখা সম্ভব হয় না। ভবিষ্যতে আমাদের বিশেষায়িত চ্যানেলের দিকেই ধাবিত হওয়া উচিত।

আজ (সোমবার) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ‘নওগাঁ জেলা মিডিয়া ফোরাম, ঢাকা অভিষেক ও প্রকাশনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

দেশটিভি’র অনুষ্ঠান বিভাগের প্রধান ও নওগাঁ জেলা মিডিয়া ফোরাম এর সভাপতি রবিউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নওগাঁ জেলা মিডিয়া ফোরামের সাধারণ সম্পাদক সরদার মেহেদী হাসান, সহ-সভাপতি সোহেল চৌধুরী, পেট্রোবাংলার সাবেক মহাব্যবস্থাপক এস এম আবদুল মান্নান, ব্যারিস্টার আহমেদ সোহেল, নওগাঁ জেলা সমিতি ঢাকার সহ-সভাপতি আহমেদ হোসেন এবং রানার গ্রুপের পরিচালক মোহাম্মদ আলী দ্বীন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, নওগাঁ প্রত্নতাত্ত্বিক বিচারে একটি অত্যন্ত সমৃদ্ধ জেলা। এ জেলায় আরো নতুন নতুন প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুসন্ধান ও আবিষ্কৃত হচ্ছে।

মন্ত্রী বলেন, বিদেশি পর্যটকদের শতকরা ৭০-৭৫ ভাগ আমাদের ঐতিহাসিক স্থাপনা ও স্থান দেখতে এদেশে আসেন এবং ঐতিহাসিক স্থাপনা ও স্থান দেখতে আসা পর্যটকদের শতকরা ৭০-৭৫ ভাগ আসেন আমাদের বৌদ্ধ সভ্যতার নিদর্শন দেখতে। যুগোপযোগী অবকাঠামো সৃষ্টি করতে পারলে এক্ষেত্রে পর্যটকের সংখ্যা আরো বাড়বে।

এমইউ/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।