নওগাঁ হবে প্রত্নতাত্ত্বিক রাজধানী : সংস্কৃতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ৩০ এপ্রিল ২০১৮

প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমৃদ্ধ জেলা নওগাঁ। উত্তরের এ জেলাটি আগামীতে প্রত্নতাত্ত্বিক রাজধানী হবে বলে আশা প্রকাশ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক অভিষেক ও প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে নওগাঁ জেলা মিডিয়া ফোরাম, ঢাকা।

সংস্কৃতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে যে পরিমাণ বিদেশি পর্যটক আসেন তার ৭০ থেকে ৭৫ শতাংশ ঐতিহাসিক সব প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে নওগাঁয় যান।

কারণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রতি বিদেশি পর্যটকদের বেশি আগ্রহ। তাই নওগাঁ জেলাকে আরো সমৃদ্ধ করতে পর্যটকদের এ আগ্রহ কাজে লাগাতে হবে। ভালো মানের হোটেল রেস্টুরেন্টসহ অবকাঠামো ও যোগােযাগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে। এজন্য এ জেলার প্রতিষ্ঠিত সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি মিডিয়ার সঙ্গে সংশ্লিষ্টদের আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

আসাদুজ্জামান নূর বলেন, মিডিয়া অনেক এগিয়েছে। আমরা এখন মুহূর্তের মধ্যে সংবাদ জানতে পারি। বিশেষ করে অনলাইন মিডিয়ায়। আজকে সকালে একটি বিদেশি সংবাদ পড়লাম। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড পদত্যাগ করেছেন। কারণ তার লেখা একটি চিঠি নিয়ে গার্ডিয়ান পত্রিকা নিউজ করেছে। যে চিঠিটির বিষয়ে উনি আগে অস্বীকার করেছিলেন। চিঠিটি গার্ডিয়ান পত্রিকা প্রকাশ করেছে। আমরা আশা করি আগামীদিনে দেশের মিডিয়াগুলোও এরকম সংবাদ প্রকাশ করবে।

তিনি বলেন, আমাদের দেশে অনেক টেলিভিশন আছে। সবগুলো প্রায় একই রকম। কিন্ত অনুষ্ঠানের মানের দিক থেকে আমরা অনেক দুর্বল। কারণ বেশিরভাগ টেলিভিশন নাচ, গান-খবর, নাটক, টক-শো সব ধরনের অনুষ্ঠান করছি। যেটা অন্যান্য দেশে হয় না। এতে করে অনুষ্ঠানের মান কমে যায়। এ বিষয়টি আমাদের এখন ভাবতে হবে। বিশেষায়িত টেলিভিশনের বিষয়ে নজর দিতে হবে।

নওগাঁ জেলা মিডিয়া ফোরামকে উদ্দেশ্য করে সংস্কৃতিমন্ত্রী বলেন, মিডিয়ার ব্যক্তিদের একটি জায়গায় আবদ্ধ না থেকে শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের বিষয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি রবিউল করিম। এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি সোহেল চৌধুরী, সাধারণ সম্পাদক সরদার মেহেদী হাসান, রানার গ্রুপের পরিচালক মোহাম্মদ আলী দ্বীন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহবুব কবির চপল।

এসআই/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।