সাংবাদিক আবু হাসান শাহীনের ইন্তেকাল
সাংবাদিক আবু হাসান শাহীন আর নেই। সোমবার সকাল ৭টায় রাজধানীর ডেমরা থানার কোনাপাড়ার বাড়িতে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর।
আবু হাসান শাহীন বাংলানিউজটোয়েন্টিফোর.কমে নিউজরুম এডিটর হিসেবে কর্মরত ছিলেন তিন বছর। অসুস্থতার কারণে তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি নেন। এর আগে তিনি ছিলেন দৈনিক ভোরের কাগজ ও দৈনিক দিনের শেষে পত্রিকার সহ-সম্পাদক। শিশু সংগঠক শাহীন ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর কমিটির সহ সাধারণ সম্পাদক, শিশুতোষ গ্রন্থের প্রকাশনা প্রতিষ্ঠান ছোটদের মেলার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এবং ছোটদের পত্রিকার সম্পাদক-প্রকাশক।
তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। সোমবার বাদ আছর কোনাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে আবু হাসান শাহীনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
জেএইচ/এমএস