সমস্যা আক্রান্ত ব্যাংকগুলো স্বাভাবিক কার্যক্রমে ফিরছে
সমস্যা আক্রান্ত ব্যাংকগুলো সরকারি সহায়তায় দুর্বলতা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের ১০টি ব্যাংকের দুর্বলতা চিহ্নিত করেছিল। এ ব্যাংকগুলো যাতে দুর্বলতা কাটিয়ে উঠতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে নানা ধরনের সহায়তা করা হয়েছিল। এ সহায়তার ফলে ব্যাংকগুলো ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সমস্যা আক্রান্ত ১০টি ব্যাংকের মধ্যে ইউসিবি ও ইসলামী ব্যাংক যথেষ্ট ভালো করছে। তারা তাদের সমস্যাগুলো কাটিয়ে পুনরায় স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমের এগিয়ে যাচ্ছে।
এমআইএইচএস/এমআইএইচএস/জিকেএস