সেনাপ্রধান
সেনাসদস্যের পেশাগত উৎকর্ষতা অর্জনে ফায়ারিংয়ে দক্ষতা জরুরি
বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, সোমবার বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে একজন সেনাসদস্যের পেশাগত উৎকর্ষতা অর্জনে ফায়ারিংয়ে দক্ষতা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন, যা সেনাসদস্যদের মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর সেনাবাহিনীর এই ফায়ারিং প্রতিযোগিতা সেনাসদস্যদের কাঙ্ক্ষিত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তিনি মতপ্রকাশ করেন।
গত ১৮ ফেব্রুয়ারি থেকে সদরদপ্তর ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এই ফায়ারিং প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর সব ফরমেশন, লজিস্টিকস্ এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ সর্বমোট ১৭টি দল অংশ নেয়। বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতায় ৩৩ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও ৭ স্বতন্ত্র এডিএ ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

এ প্রতিযোগিতায় সৈনিক মো. রাজু সরদার, ১১ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ ফায়ারার, সৈনিক (ওসিইউ) মো. জুবায়ের আলী, ৬ স্বতন্ত্র এডিএ বিগ্রেড দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ারার এবং লেফটেন্যান্ট সামিয়া রহমান, ৫৫ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ মহিলা ফায়ারার হওয়ার গৌরব অর্জন করেন।
এছাড়াও, সেনাবাহিনী প্রধান সিএএস ট্রফি ফায়ারিং প্রতিযোগিতা-২০২৪ এর মাইনর ইউনিটগুলোর মধ্যে চ্যাম্পিয়ন এডহক ৪৭ মর্টার রেজিমেন্ট আর্টিলারি, রানারআপ সদরদপ্তর ১০৫ পদাতিক ব্রিগেড এবং মেজর ইউনিটগুলোর মধ্যে চ্যাম্পিয়ন ১ ইস্ট বেংগল রেজিমেন্ট, রানারআপ ২৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ব্যক্তিগতভাবে ছয়জন শ্রেষ্ঠ ফায়ারারকে পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়াসহ বিভিন্ন ফরমেশন ও সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সাভার সেনানিবাসের সব অফিসার, জেসিও ও অন্য পদবির সেনাসদস্য এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
টিটি/এমকেআর/জিকেএস