পল্লবীর শীর্ষ সন্ত্রাসী ‌‘ভাগিনা মুন্না’ অস্ত্রসহ গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবৈধ অস্ত্র উদ্ধার ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারে দেশব্যাপী সাঁড়াশি অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগরীর তুরাগ থানাধীন হরিরামপুর এলাকায় অভিযান চালিয়ে পল্লবীর শীর্ষ সন্ত্রাসী সোয়েব হোসেন মুন্না ওরফে ভাগিনা মুন্নাকে (৫৩) অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৪-এর একটি আভিযানিক দল।

র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে পল্লবীর শীর্ষ সন্ত্রাসী ভাগিনা মুন্না অস্ত্রসহ এলাকায় প্রবেশ করেছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ প্রথমে পল্লবী থানার ইস্টার্ন হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি জানান, তার ব্যবহৃত অবৈধ অস্ত্র তুরাগ থানার হরিরামপুরে নিজ বাংলো বাড়িতে লুকিয়ে রাখা আছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি অবৈধ বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড তাজা গুলি এবং দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

র‍্যাবের এ কর্মকর্তা জানান, উদ্ধার করা অস্ত্র দিয়ে মুন্না রাজধানীর তুরাগ, মিরপুর, কাফরুল, পল্লবী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানাসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতো। এছাড়া সে ভাড়ায় অস্ত্র সরবরাহ করতো পেশাদার অপরাধীদের কাছে যা দিয়ে খুন, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হতো।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী ভাগিনা মুন্নার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০টিরও বেশি মামলা রয়েছে এবং তার নামে ১৭টি গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

টিটি/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।