চন্দনাইশে সালাউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:২০ পিএম, ১৯ মার্চ ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশে সালাউদ্দিন নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামি মো. হানিফকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১৮ মার্চ) বিকেলে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া এলাকা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার হানিফ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দিয়াকুল এলাকার বাসিন্দা।

মামলার তথ্য অনুযায়ী, নিহত সালাউদ্দিন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার নয়াপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় নির্মাণশ্রমিক ছিলেন। তার সঙ্গে হানিফের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

১৩ মার্চ রাত ৯টার দিকে চন্দনাইশ এলাকায় একটি বাড়িতে গেলে সালাউদ্দিনের সঙ্গে হানিফের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হানিফ ছুরি দিয়ে সালাউদ্দিনের পেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চন্দনাইশ থানায় হানিফকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হানিফের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১১, নারায়ণগঞ্জের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এমআরএএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।