কাটলো শঙ্কা, সব হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন 

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ফাইল ছবি

অবশেষে সব শঙ্কা কাটিয়ে চলতি বছরের সব হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। হজযাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন হওয়ার তথ্য জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের উপসচিব মোহাম্মদ শফিউজ্জামান ভূইয়া।

সৌদি রোডম্যাপ অনুযায়ী চলতি বছর ১ ফেব্রুয়ারির মধ্যে হজযাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

কিন্তু, সময় ঘনিয়ে এলেও বেসরকারি হজযাত্রীদের মক্কা ও মদিনায় বাড়ি ভাড়ার ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি ছিল না। লিড এজেন্সিগুলোর গাফিলতির পরিপ্রেক্ষিতে বাড়ি ভাড়া সম্পন্ন করার জন্য ধর্ম মন্ত্রণালয়কে বারবার তাগাদা দিতে হচ্ছিল।

সর্বশেষ গত ২৭ জানুয়ারিও বেসরকারি ব্যবস্থাপনার অর্ধেক হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন ছিল না। এ অবস্থায় অনেকের হজে যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়। ধর্ম মন্ত্রণালয়ও বাড়ি ভাড়া দ্রুত সম্পন্নের জন্য লিড এজেন্সিগুলোকে তাগাদা দিয়ে চিঠি পাঠায়। বাড়ি ভাড়ার ক্ষেত্রে পিছিয়ে থাকায় কয়েকটি এজেন্সিকে কাছে ব্যাখ্যাও তলব করে মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়ে দেয়, নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি ভাড়া সম্পন্ন না হলে সংশ্লিষ্ট এজেন্সিকে এর দায়িত্ব নিতে হবে। ভবিষ্যৎ হজ কার্যক্রম পরিচালনায় এর নেতিবাচক প্রভাব পড়বে।

হজযাত্রীদের বাড়ি ভাড়ার বিষয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব শফিউজ্জামান ভূইয়া জাগো নিউজকে বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা নির্ধারিত সময়ে সকল হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন করতে সমর্থ্য হয়েছি। এ বিষয়ে ধর্ম-মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, সচিবসহ অন্যান্য কর্মকর্তারা নিরলস কাজ করেছেন। আমরা গভীর রাত পর্যন্ত সৌদি কর্তৃপক্ষের সঙ্গে অনলাইনে মিটিং করেছি। আমাদের সকল শঙ্কা কেটে গেছে।’

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট। এবার বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন।

আরএমএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।