চট্টগ্রাম বন্দর অস্থিতিশীল করার ষড়যন্ত্র, শ্রমিক দল নেতা আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১১:৫৪ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
মো. ইব্রাহীম খোকন/ছবি: সংগৃহীত

আন্দোলনের নামে চট্টগ্রাম বন্দরকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক নেতাকে আটক করেছে র‌্যাব। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে বন্দর এলাকা থেকে আটক করা হয়।

অভিযুক্ত মো. ইব্রাহীম খোকন বন্দরের নৌ বিভাগে ইঞ্জিন ড্রাইভার পদে স্থায়ী চাকরি করেন। তিনি চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন।

বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন করে আসছেন শ্রমিক-কর্মচারীরা। তারা ৩১ জানুয়ারি বন্দরে কর্মবিরতি শুরু করলে ওইদিন ইব্রাহীম খোকনকে ঢাকার পানগাঁও আইসিটিতে বদলি করা হলেও তিনি কর্মস্থলে যোগদান করেননি। পরে তিনি ও অন্যরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন।

ইব্রাহীম খোকনকে আটকের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ। তিনি বলেন, র‌্যাবের একটি দল তাকে আটক করে বন্দর থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

এমডিআইএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।