আমাকে মিসকোট করা হয়েছে: ইসি সচিব
‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’- এমন বক্তব্য মিসকোট করা হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে (আমার বক্তব্য) মিসকোট করা হয়, সেটা আমার জন্য অত্যন্ত অপমানজনক। এতে আমি অত্যন্ত ক্ষুব্ধ। আমি আমার ক্ষুব্ধ প্রতিক্রিয়া আপনাদের মাধ্যমে জানাচ্ছি- এমন অপতথ্য অনুগ্রহ করে দেওয়া থেকে বিরত থাকবেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। এরপর ইসি সচিবের কাছে সাংবাদিকরা জানতে চান- নির্বাচনকালে একজন ব্যক্তি কত টাকা বহন করতে পারবেন? এ বিষয়ে তাকে মিসকোট করে সংবাদ প্রকাশ হয়েছে বলে জানান ইসি সচিব।
আখতার আহমেদ বলেন, দুর্ভাগ্যজনকভাবে একটা ঘটনায় আমাকে কোট করে বলা হয়েছে, কোট করা হয়েছে যে (টাকা বহনের) একটা ঊর্ধ্বসীমা আমি নাকি বলেছি যে ৫ কোটি টাকা নিয়ে গেলে কোনো অসুবিধা নেই। এটা বলার এখতিয়ার, অধিকার, ক্ষমতা আমার নেই। আমি এটা বলিনি। আপনাদের কাছে এখন সর্বসমক্ষে বলছি এটা আমাকে মিসকোট করা হয়েছে। দয়া করে এরকম মিসকোট করবেন না।
আরও পড়ুন
৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি
অসুস্থ হয়ে পড়েছেন সেই জামায়াত নেতা, রমেক হাসপাতালে ভর্তি
তিনি বলেন, আমরা একটা ভালো নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। যদি আমরা আমাদের এই অপতথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করি সেটা অত্যন্ত দুঃখজনক হবে। আমার কাছে যেটা জানতে চাওয়া হয়েছিল, কোনো একটা অর্থের ব্যাপারে। আমি বলেছি- দেখেন যারা এটা ইন্টারসেপ্ট করেছে (আটকে দিয়েছে) তারা এ ব্যাপারে টাকার উৎস ও কোন উদ্দেশ্যে বহন করা হচ্ছিল- এসব পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন।
ইসি সচিব আরও বলেন, আইনি ব্যাখ্যার কোনো ব্যাপার নেই। আমি আবার বলছি যে কর্তৃপক্ষ এটাকে ইন্টারসেপ্ট করেছে, বিষয়টা তাদের। কোন আইনের ব্যাখ্যা তারা দেবেন যারা ইন্টারসেপ্ট করেছেন তারা দেখবেন। আমি কেন দেবো, আমার কোনো অধিকার আছে? আমার কি ক্ষমতা আছে? আমি কি বলতে পারি যে এত টাকা পর্যন্ত ঊর্ধ্বসীমা বা এত টাকা নিতে পারবেন বা এত টাকা নিতে পারবেন না- কেন বলবো?
তিনি বলেন, এটার আইনি ব্যাখ্যার কি আছে? আইনি ব্যাখ্যা যারা ইন্টারসেপ্ট করেছেন তারা দেবেন। তাদের কাছে আইনি ব্যাখ্যা আছে। আপনারা যদি আমার কাছে আইনি ব্যাখ্যা চান তাহলে তো এটা আমার প্রতি অবিচার করা হচ্ছে। দয়া করে এই অপতথ্য সংস্কৃতির থেকে বেরিয়ে আসেন। আমাকে মিসকোট করার আগে দয়া করে এটা করেন না। আমরা একটু ক্রস চেক করে নিতে পারতাম, নাম্বার ওয়ান সেটা হয়নি। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আই রিপিট দ্য ওয়ার্ড- আমাকে মিসকোড করা হচ্ছে। এটা করবেন না।
আখতার আহমেদ বলেন, একটা ভালো নির্বাচনের দিকে আমরা আগাচ্ছি। আমরা সবাই সচেষ্ট থাকি যেন আমরা সুন্দরভাবে নির্বাচনটা করতে পারি। আগামীকাল সকাল সাড়ে ৭টা থেকে ইনশাল্লাহ ভোট দিতে সবাই যাবো।
এমওএস/কেএসআর