সাড়ে সাতটার পরেও কেন্দ্রে প্রবেশ করেছেন এজেন্টরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৫ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ভোটগ্রহণ শুরুর পরেও ভোটকেন্দ্রে প্রবেশ করছেন বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা, ছবি: জাগো নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়েছে সকাল সাড়ে ৭টা থেকে। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এরই মধ্যে ভোটগ্রহণ শুরুর পরেও ভোটকেন্দ্রে প্রবেশ করছেন বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় পুরান ঢাকার বাংলাবাজার মোড়ে এসে দেখা যায়, ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ও জামায়াতের প্রার্থী ড. আব্দুল মান্নানের বুথে পোলিং এজেন্টরা জড়ো হচ্ছেন। সব ডকুমেন্টস ও যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে কেন্দ্রে প্রবেশ করছেন তারা। 

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সেন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয়, সরকারি কবি নজরুল কলেজ, ঢাকা গভ: মুসলিম হাই স্কুল, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, কে এল জুবিলী স্কুল ও ইস্ট বেঙ্গল স্কুল ভোট কেন্দ্রে ঘুরে দেখা যায়, বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা কেন্দ্রে প্রবেশ করছেন। অনেকে আবার কেন্দ্রে প্রবেশের অপেক্ষায় রয়েছেন। পোলিং এজেন্ট ছাড়াও অনেক ভোটারও ভোরে ভোট প্রদানে কেন্দ্রে উপস্থিত হয়েছেন। 

কে এল জুবিলী স্কুলের বিএনপি প্রার্থীর এজেন্ট শফিকুল বলেন, আমরা ভোর ৬টা থেকে উপস্থিত হয়েছি। আমাদের কিছু পোলিং এজেন্ট প্রবেশ করলেও আমরা এখনো প্রবেশ করতে পারিনি। দায়িত্বরত নির্বাচনি কর্মকর্তারা বলছেন তারা সবকিছু গুছিয়ে নিচ্ছেন এজন্য একটু দেরি হচ্ছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ১২ কোটি ৭৭ লাখ ভোটার। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন। এছাড়া, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন।

এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ৩৪ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ২৭৫ জন।

টিএইচকিউ/জেএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।