কথা-কাটাকাটি, চট্টগ্রামে দাঁড়িপাল্লার তিন সমর্থককে মারধর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ছবি- সংগৃহীত

চট্টগ্রাম-১২ পটিয়া আসনে দাঁড়িপাল্লার তিন সমর্থককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পটিয়া উপজেলার পূর্ব রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

এতে রুহান (২১) ও মো. ইব্রাহিম (৩৮) মাথায় আঘাতপ্রাপ্ত হন। আহত আরেক ব্যক্তির নাম জানা যায়নি। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে কেলিশহর পূর্ব রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নাজিম উদ্দিন জানান, এটি কেন্দ্রের বাইরের ঘটনা। আমার কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ হচ্ছে। যেহেতু ঘটনাটি কেন্দ্রের বাইরে, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীই বিস্তারিত বলতে পারবে।

কেন্দ্রটিতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনি এজেন্ট শাহজাহান মহিউদ্দিন অভিযোগ করে বলেন, বিএনপির লোকজন তাদের কয়েকজনকে মারধর করেছে। এতে তাদের মাথায় গুরুতর জখম হয়েছে।

পটিয়া উপজেলা বিএনপির সেক্রেটারি খোরশেদ আলম জানান, পটিয়ায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। শেষ পর্যন্ত এ ধারাবাহিকতা থাকলে পটিয়ায় ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। কেলিশহরের ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন বলে জানান।

সেনাবাহিনীর দায়িত্বে থাকা লেফটেন্যান্ট মো. তাহমিদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করা হয় এবং লোকজনকে ছত্রভঙ্গ করা হয়। তবে ভোটগ্রহণ স্বাভাবিক ছিল। ভোটকেন্দ্রে এর কোনো প্রভাব পড়েনি। কথা-কাটাকাটির জের ধরে বিএনপির লোকজন জামায়াতের তিনজনকে মারধর করেছে বলে তিনি জানান।

চট্টগ্রাম-১২ আসনে ৩ লাখ ৫৩ হাজারের কিছু বেশি ভোটার রয়েছে। এ আসনে আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত আটটি কেন্দ্রে সরেজমিনে পরিদর্শন করে ২০–২৫ শতাংশ ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারহানুর রহমান জানান, বড় কোনো ঘটনা ছাড়াই দুপুর পর্যন্ত ভোটগ্রহণ চলছে। প্রত্যেক কেন্দ্রে টহল টিম, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এমডিআইএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।