ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ-মামুনুল হকের হাড্ডাহাড্ডি লড়াই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ববি হাজ্জাজ (বাঁয়ে) ও মামুনুল হক/ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ এবং ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত মাওলানা মামুনুল হকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

এ আসনে ১৩৮ কেন্দ্রে মধ্যে এখন পর্যন্ত ৫৮ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীক নিয়ে ববি হাজ্জাজ পেয়েছেন ৩৩ হাজার ৭৬৪ ভোট। অন্যদিকে, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক রিকশা প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৪৩৩ ভোট। দুজনের মধ্যে ভোটের ব্যবধান ৩৩১।

ভোটের আগে এক জরিপেও ববি হাজ্জাজ ও মামুনুল হকের মধ্যে তুমুল লড়াইয়ের আভাস পাওয়া গিয়েছিল।

বেসরকারি সংস্থা সোচ্চার প্রকাশিত জরিপে এ দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দেখা গিয়েছিল মাত্র তিন শতাংশ। যেখানে এগিয়ে ছিলেন ববি হাজ্জাজ। তার পক্ষে ভোট দিতে চেয়েছিলেন ৪২ দশমিক ৬ শতাংশ ভোটার। মামুনুল হক পেয়েছিলেন ৩৯ দশমিক ৬ শতাংশ ভোটারের সমর্থন।

গত ৭ ফেব্রুয়ারি রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে এক অনুষ্ঠানে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ফল বিশ্লেষণে দেখা যায়, ১০ দশমিক ৪ শতাংশ ভোটার তখনো সিদ্ধান্তহীনতায় ছিলেন। আর ৫ দশমিক ৯ শতাংশ ভোটার কাকে ভোট দেবেন তা প্রকাশ করতে রাজি হননি।

ঢাকা-১৩ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। মূলত আসনজুড়ে আছে মোহাম্মদপুর এলাকা। মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন এবং নারী ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আটজন।

কেআর/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।