চট্টগ্রামে ১৬ আসনের ১৩টিতে এগিয়ে বিএনপি, দুটিতে জামায়াত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলা ও মহানগরের ১৬টি সংসদীয় আসনে বেসরকারি ও কেন্দ্রভিত্তিক ফলাফলের হিসাবে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। এর মধ্যে ১৩ আসনে বিএনপি ও ২ আসনে জামায়াত এগিয়ে ও ১ টিতে বিএনপি-এলডিপি সমানে সমানে এগিয়ে যাচ্ছে।
ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হওয়ার পর রাত পর্যন্ত পাওয়া ফলাফলে অধিকাংশ আসনেই বিএনপি প্রার্থীদের সুস্পষ্ট লিড দেখা গেছে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
নির্ধারিত সময় শেষে ভোটগণনা শুরু হয়। গণনার শুরু থেকেই নগর ও জেলার বিভিন্ন আসনে বিএনপি প্রার্থীদের এগিয়ে থাকতে দেখা যায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অনেক আসনে ব্যবধান আরও বড় হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রাম-১ (মিরেরসরাই), চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্রগ্রাম-৩ (সন্দীপ), চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড), চট্টগ্রাম-৫ (হাটহাজারী), চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া), চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাও), চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া), চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর), চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা), চট্টগ্রাম-১২ (পটিয়া), চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) তে বিএনপি বিপুল ব্যবধানে এগিয়ে আছে। আর চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া), চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) তে জামায়াত এগিয়ে। আর চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) এ বিএনপি-এলডিপি সমানে সমান এগিয়ে যাচ্ছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ফলাফলগুলো গণনার ওপর ভিত্তি করে প্রস্তুত করা হচ্ছে। সব কেন্দ্রের ফল একত্রিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফল ঘোষণা করা হবে। এরপর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
নির্বাচন পর্যবেক্ষণ সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রামের নগর ও উপজেলা পর্যায়ে বেশির ভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। কোথাও কোথাও ধীরগতির ভোটগ্রহণ, এজেন্টদের মধ্যে বাকবিতণ্ডা ও বিচ্ছিন্ন সহিংসতার অভিযোগ পাওয়া গেলেও সামগ্রিকভাবে ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিনভর কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করেছেন। ভোট শেষের পরও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যেন গণনা কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।
চট্টগ্রাম অঞ্চলের আসনগুলোতে একাধিক রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রাপ্ত ফলাফলের হিসাবে বিএনপি প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ আসনে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বড় ব্যবধানে এগিয়ে আছেন। তবে নির্বাচন কর্মকর্তারা বলছেন, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ফলাফল পরিবর্তনের সম্ভাবনা থাকে।
রাতভর গণনা শেষে ধাপে ধাপে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করবেন বলে জানা গেছে।
এমআরএএইচ/এএমএ/এমএন