৭৭ হাজার টাকা লুট করে ছিনতাইকারীরা, ধাওয়া করে ধরলেন সিআইডি কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
গ্রেফতার মো. সাইদুজ্জামান সোহেল

রাজধানীর শান্তিনগর এলাকায় ছিনতাই করে পালানোর সময় ৭৭ হাজার টাকাসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতার ব্যক্তির নাম মো. সাইদুজ্জামান সোহেল (৫২)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

জসীম উদ্দিন খান বলেন, সোমবার দুপুর ১টার দিকে ভুক্তভোগী তৌহিদ আলমগীর (৪৪) শান্তিনগর এলাকা থেকে রিকশায় খিলগাঁওয়ের পূর্ব গোড়ান এলাকায় যাচ্ছিলেন। তিনি এজিবি কলোনি এলাকায় সিআইডির ঢাকা মেট্রো (ডিটেকটিভ ট্রেনিং স্কুল ভবন) অফিসের সামনে পৌঁছালে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে ধারালো চাকু দেখিয়ে ভয়ভীতি দেখান। এরপর তার কাছ থেকে নগদ ৭৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন তারা।

আরও পড়ুন
নতুন করে ঢেলে সাজানো হয়েছে জাতীয় সংসদ, চারদিকে নিরাপত্তা বলয় 
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে সিইসিকে চিঠি 

এরপর ভিকটিমের চিৎকারে সাড়া দিয়ে ঘটনাস্থলের পাশেই অবস্থানরত সিআইডি ঢাকা মেট্রো-উত্তর বিভাগে কর্মরত এসআই (নিরস্ত্র) মো. মনির হোসেন একাই ছিনতাইকারীদের ধাওয়া করেন। এরপর তিনি ছিনতাইকারীকে পেছন থেকে জাপটে ধরে আটক করতে সক্ষম হন। এ সময় ধারালো চাকুসহ অপর দুই ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যান।

ভুক্তভোগী তৌহিদ আলমগীর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে এরিয়া ম্যানেজার পদে কর্মরত। অফিসিয়াল দায়িত্ব পালন শেষে কোম্পানির নগদ অর্থসহ বাসায় ফেরার পথে তিনি ছিনতাইয়ের শিকার হন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে জসীম উদ্দিন বলেন, গ্রেফতার আসামি একজন পেশাদার ছিনতাইকারী এবং আন্তঃজেলা ডাকাতদল ও অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য। তিনি ও তার সহযোগীরা ঢাকা ও নারায়ণগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় ছিনতাই, ডাকাতি এবং পথচারী/যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব লুটের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং একাধিক গ্রেফতারি পরোয়ানা মুলতবি আছে। অতীতেও তিনি বিভিন্ন থানায় ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার হয়েছেন।

গ্রেফতার আসামি ও উদ্ধার করা নগদ অর্থ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা করবেন বলেও জানান তিনি।

কেআর/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।