পোস্টালে ভোট পড়েছে ৮০ দশমিক ১১ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৪ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে মোট ভোট পড়েছে ৮০ দশমিক ১১ শতাংশ। এর মধ্যে বৈধ ভোটের হার ৭০ দশমিক ২৫ শতাংশ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ইসি কর্মকর্তারা এ তথ্য জানান।

ইসি সূত্রে জানা গেছে, এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য প্রবাস থেকে নিবন্ধন করেন ৭ লাখ ৬৭ হাজার ২৩৩ জন।

এছাড়া সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদি মিলিয়ে দেশে নিবন্ধন করেন ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন। সব মিলিয়ে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জন নিবন্ধন করেন।

নিবন্ধিতদের মধ্যে প্রবাস থেকে ভোট দিয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৩৭২ জন এবং দেশের ভেতরে ভোট দিয়েছেন ৬ লাখ ৭৯ হাজার ৮১৬ জন। মোট ভোট দিয়েছেন ১২ লাখ ২৪ হাজার ১৮৮ জন, যা মোট নিবন্ধনের ৮০ দশমিক ১১ শতাংশ।

এর মধ্যে প্রবাস থেকে পাঠানো ৪ লাখ ৯৮ হাজার ২০৪ জনের ভোট এবং দেশের ভেতর থেকে পাঠানো ৬ লাখ ৬৮ হাজার ৩৮৮ জনের ভোট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন। সব মিলিয়ে রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ১১ লাখ ৬৫ হাজার ৫৯২টি ভোট, যা মোট নিবন্ধনের ৭৬ দশমিক ২৮ শতাংশ।

রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছানো ব্যালটের মধ্যে প্রবাস থেকে পাঠানো ৪ লাখ ৭১ হাজার ৯৭৩টি এবং দেশের ভেতর থেকে পাঠানো ৬ লাখ ১ হাজার ৫২৪টি ভোট বৈধ হয়েছে। সব মিলিয়ে বৈধ ভোটের সংখ্যা ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭টি, যা মোট নিবন্ধনের ৭০ দশমিক ২৫ শতাংশ।

ইসি জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রাপ্ত পোস্টাল ব্যালট গ্রহণ করা হয়েছে। ভোটারের স্বাক্ষর না থাকা, ঘোষণাপত্র সংযুক্ত না করা এবং নির্ধারিত নিয়ম অনুসরণ না করার কারণে কিছু ভোট বাতিল হয়েছে বলে আগেই জানিয়েছিল কমিশন।

এমওএস/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।