রাজধানীর পৃথক স্থানে অচেতন অবস্থায় পড়েছিলেন দুই বৃদ্ধ, ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল/ফাইল ছবি

রাজধানীর পৃথক দুই স্থান থেকে অচেতন অবস্থায় অজ্ঞাতনামা দুই বৃদ্ধকে উদ্ধার করে পুলিশ। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর শ্যামপুরের সালাউদ্দিন পাম্পসংলগ্ন ফ্লাইওভারের সিঁড়ির নিচ থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধকে (৬৫) উদ্ধার করা হয়। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে কামরাঙ্গীরচর এলাকা থেকে আরেক বৃদ্ধকে (৭০) উদ্ধার করা হয়।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শামীম জানান, খবর পেয়ে শ্যামপুরের সালাউদ্দিন পাম্পের পূর্ব পাশের ফ্লাইওভারের সিঁড়ির নিচে অচেতন অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের নাম পরিচয় আমরা জানতে পারিনি। তবে স্থানীয়রা জানিয়েছেন ওই বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং ওই এলাকাতেই থাকতেন। ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রযুক্তির সহায়তায় নিহতের নাম পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে।

এদিকে, কামরাঙ্গীরচর এলাকা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধারের বিষয়ে জানতে চাইলে কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শামীম জানান, খবর পেয়ে কামরাঙ্গীরচর এলাকার একটি সড়কে এক বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই মোহাম্মদ শামীম আরও জানান, নিহত বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে।

কাজী আল আমিন/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।