অডিট শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সেবার কার্যক্রম
দেশের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান সেবা প্রকাশনী–এর সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। প্রতিষ্ঠানের অভ্যন্তরে অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠায় পূর্ণাঙ্গ অডিট (নিরীক্ষা) শেষ না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (১৩ মে) রাতে প্রতিষ্ঠানটির অংশীদার কাজী শাহানূর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রতিষ্ঠানের ভেতরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয় মালিকপক্ষের নজরে এসেছে। নিরপেক্ষ তদন্ত ও অডিট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বাংলাদেশের পাঠকসমাজে দীর্ঘদিন ধরে জনপ্রিয় এই প্রকাশনা সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন প্রয়াত কাজী আনোয়ার হোসেন। ২০২২ সালের ১৯ জানুয়ারি তার মৃত্যুর পর থেকেই প্রতিষ্ঠানটির কার্যক্রমে ধীরগতি দেখা দেয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বর্তমানে প্রতিষ্ঠানের মালিকানায় রয়েছেন তার দুই ছেলে কাজী শাহানূর হোসেন ও কাজী মাইমুর হোসেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি বিভিন্ন বিক্রয়কেন্দ্রের আর্থিক লেনদেন নিয়ে সন্দেহ তৈরি হলে অভ্যন্তরীণ অনুসন্ধান শুরু করা হয়। পরে বেশ কিছু অসঙ্গতির তথ্য উঠে আসে।

সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মাইমুর গণমাধ্যমকে জানান, বাংলাবাজারসহ বিভিন্ন বিক্রয়কেন্দ্রের বই বিক্রির অর্থ নিয়মিত হিসাবভুক্ত করা হচ্ছিল না। অভিযোগ রয়েছে, একটি চক্র কৌশলে অর্থ সরিয়ে ফেলছিল। পাশাপাশি সাম্প্রতিক সময়ে নেওয়া কয়েকটি প্রকল্পও অনিয়মের কারণে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, বিষয়গুলো সামনে আসার পর পারিবারিকভাবে আলোচনা করে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ আর্থিক অডিটের উদ্যোগ নেওয়া হয়েছে।
মাসুমা মাইমুর আরও জানান, এ ঘটনায় রাজধানীর রমনা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অডিট ও তদন্ত শেষ হওয়ার পর নতুনভাবে সেবা প্রকাশনীর কার্যক্রম শুরু করা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এদিকে এ বিষয়ে জানতে কাজী শাহানূর হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
প্রকাশনা–সংশ্লিষ্টরা বলছেন, গোয়েন্দা, অনুবাদ ও কিশোর সাহিত্যের বিপুল জনপ্রিয়তার মাধ্যমে সেবা প্রকাশনী দেশের পাঠকসমাজে বিশেষ স্থান তৈরি করেছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম স্থগিতের ঘোষণায় পাঠকদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।
দেশের জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান সেবা প্রকাশনী দীর্ঘ কয়েক দশক ধরে গোয়েন্দা, রহস্য, কিশোর সাহিত্য, অনুবাদ, বিজ্ঞান কল্পকাহিনি ও বিশ্বসাহিত্যের নানা বই প্রকাশ করে পাঠকমহলে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে।

প্রতিষ্ঠানটির সবচেয়ে জনপ্রিয় সিরিজগুলোর মধ্যে রয়েছে কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট ‘মাসুদ রানা’, ‘কুয়াশা’, ‘তিন গোয়েন্দা’ ও ‘রহস্য পত্রিকা’। বিশেষ করে ‘মাসুদ রানা’ সিরিজের বইগুলো বাংলাদেশের পাঠকদের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছে। এই সিরিজের উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘ধ্বংস পাহাড়’, ‘অপারেশন জ্যাকপট’, ‘অদৃশ্য আতঙ্ক’, ‘বন্দি বসন্ত’, ‘রক্তপিপাসা’, ‘কালোচিতা’, ‘মৃত্যুর পরশ’, ‘শয়তানের দূত’ ও ‘হিমশীতল আতঙ্ক’।
এ ছাড়া সেবা প্রকাশনী বিশ্বসাহিত্যের বহু অনুবাদ বইও প্রকাশ করেছে। এর মধ্যে জুল ভার্ন, এইচ জি ওয়েলস, আলেকজান্ডার দ্যুমা, আর্থার কোনান ডয়েল, আগাথা ক্রিস্টি ও চার্লস ডিকেন্সের বিভিন্ন অনুবাদ উল্লেখযোগ্য। কিশোর পাঠকদের জন্য প্রকাশিত ‘তিন গোয়েন্দা’ সিরিজের জনপ্রিয় বইগুলোর মধ্যে রয়েছে ‘ভূতুড়ে দ্বীপ’, ‘জলদস্যুর দ্বীপ’, ‘রহস্যময় গুহা’, ‘অগ্নিদ্বীপের রহস্য’, ‘প্রেতাত্মার অভিশাপ’ ও ‘মরণফাঁদ’। পাশাপাশি ‘কিশোর ক্লাসিক’, ‘অনুবাদ বিশ্বসাহিত্য’, ‘ভৌতিক সিরিজ’ এবং ‘ওয়েস্টার্ন সিরিজ’ও পাঠকদের কাছে দীর্ঘদিন ধরে সমাদৃত।
এমডিএএ/এসএইচএস