দুপুরেও শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের ভিড়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬
কলেজ ও স্কুলের শিক্ষার্থীরাও ব্যানারসহ শৃঙ্খলাবদ্ধভাবে শহীদ মিনারে আসেন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সকাল থেকে শুরু হওয়া মানুষের ভিড় বেলা গড়িয়ে দুপুর পর্যন্ত অব্যাহত রয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষের উপস্থিতিতে দীর্ঘ লাইন দেখা গেছে শহীদ মিনার প্রাঙ্গণে। এ সময় অনেকেই ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গান গেয়ে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করছেন।

সরেজমিনে দেখা গেছে, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছেন। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরাও ব্যানারসহ শৃঙ্খলাবদ্ধভাবে শহীদ মিনারে আসেন।

শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা ঢাকা কলেজের শিক্ষার্থী আবিদ হাসান বলেন, রমজান হলেও কষ্ট লাগছে না আমাদের। প্রভাতফেরীর মিছিল নিয়ে আসা, দীর্ঘ লাইনে দাঁড়ানো- সবকিছুই আনন্দের।

শহীদ মিনারে শৃঙ্খলার দায়িত্বে থাকা রোভার স্কাউটের একজন সদস্য জানান, রমজানের কারণে অনেকে ঘুম থেকে উঠে আসতে দেরি হয়েছে। আশা করছি ১টা ৩০ এর মধ্যে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন শেষ হয়ে যাবে। এছাড়া, সাধারণ মানুষ দিনভর থাকতে পারে।

বিভিন্ন সংগঠন ছাড়াও সাধারণ মানুষ পরিবার-পরিজন নিয়ে শহীদদের স্মরণে ফুল অর্পণ করেন এবং কিছু সময় নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাতেও দেখা গেছে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করছেন।

আরএএস/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।