চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রতীকী ছবি

 

চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আকাশ দাশ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে নগরের বিটাক বাজার মোড় এলাকার একটি কারখানার সামনে এ ঘটনা ঘটে।

নিহতের সহকর্মীরা জানান, কয়েক মাস আগে একদল যুবক কারখানার শ্রমিকদের কাছে চাঁদা দাবি করেছিল। সে সময় আকাশ দাশ প্রতিবাদ করলে তারা চাঁদা নিতে পারেনি। এ নিয়ে তাদের সঙ্গে আকাশের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছেন তারা।

নিহতের বড় ভাই সাগর দাশ বলেন, রাত আটটার দিকে বাসায় খাবার খেয়ে কর্মস্থলে যান আকাশ। কারখানার সামনে গিয়ে তিনি দেখেন, তার সহকর্মী মাইকেলের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের বাগ্‌বিতণ্ডা হচ্ছে। একপর্যায়ে তারা মাইকেলকে মারধর করলে আকাশ এগিয়ে যান। তখন ওই যুবকেরা আরও কয়েকজনকে ডেকে এনে প্রথমে আকাশকে হেলমেট দিয়ে আঘাত করেন। পরে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

পরে পরিবারের সদস্য ও সহকর্মীরা গুরুতর আহতাবস্থায় আকাশকে উদ্ধার করে স্থানীয় আল-আমিন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, এ ঘটনায় এখনো মামলা হয়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআরএএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।