চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:০২ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম নগরের হালিশহরে একটি বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। আহত বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মো. সাখাওয়াত হোসেন (৪৬) ও আশুরা আক্তার পাখি (৩৫) মারা যান।

চিকিৎসকেরা জানান, দুজনেই শতভাগ দগ্ধ হয়েছিলেন। বেঁচে থাকা চারজনের শরীরের বড় অংশ দগ্ধ হয়েছে। তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে মঙ্গলবার দুপুরে সামির আহমেদ সুমন (৪০) মারা যান। আর সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরজাহান আক্তার রানী (৪০) ও তাঁর ছেলে শাওন (১৬)।

সোমবার ভোরে নগরের হালিশহর এইচ ব্লকের এসি মসজিদসংলগ্ন ছয়তলা ভবন ‘হালিমা মঞ্জিল’-এর তৃতীয় তলার একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের নয়জন দগ্ধ হন।

দগ্ধ ব্যক্তিরা হলেন- মো. সাখাওয়াত হোসেন, তাঁর স্ত্রী নুরজাহান আক্তার রানী, ছেলে শাওন, মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা (১০), সাখাওয়াতের ছোট ভাই সামির আহমেদ সুমন, তাঁর স্ত্রী আশুরা আক্তার পাখি, তাঁদের মেয়ে আয়েশা (৪), ছেলে ফারহান আহমেদ আনাস (৬) এবং সাখাওয়াতের আরেক ছোট ভাই শিপন হোসেন (৩০)।

এমআরএএইচ/এমএন 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।