যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরির প্রলোভনে প্রতারণা, গ্রেফতার ২
যুক্তরাষ্ট্রের দূতাবাসে চাকরি দেওয়ার প্রলোভনে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া হতো মোটা অংকের টাকা। রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে এই প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন- মো. শাহারুল ইসলাম বাপ্পি (৪৯) ও মো. বাচ্চু মিয়া (৪৩)।
বুধবার (১১ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তালেবুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মিরপুর দারুস সালাম থানাধীন মাজার কো-অপারেটিভ মার্কেটে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নথি, সিল, স্ট্যাম্প ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।
তিনি বলেন, রাজধানীর মিরপুরে মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে মিরপুর জোনাল টিম গোপন সংবাদের ভিত্তিতে দারুস সালাম থানাধীন মাজার কো-অপারেটিভ মার্কেটের ‘মায়ের দোয়া ফটোকপি অ্যান্ড কম্পিউটার’ দোকানে অভিযান পরিচালনা করে। এ অভিযানে প্রতারণার সঙ্গে জড়িত মো. শাহারুল ইসলাম ও মো. বাচ্চু মিয়াকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরির নামে তৈরি বিভিন্ন জাল কাগজপত্র, নিয়োগপত্র, সরকারি লোগো সম্বলিত প্যাড, নন-জুডিশিয়াল স্ট্যাম্প, একাধিক সিল ও স্ট্যাম্প প্যাড, দুটি হার্ডডিস্ক, একটি এলইডি মনিটর এবং মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। তাদের বিরুদ্ধে প্রতারণাসহ সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে ও ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।
কেআর/এসএইচএস