নিখোঁজের দেড় মাস পর উদ্ধার মালয়েশিয়ায় পাচার দুই কিশোর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৬ এএম, ১৮ মার্চ ২০২৬
মানবপাচারের অভিযোগে গ্রেফতার তিনজন, ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নিখোঁজ হওয়ার দেড় মাস পর এবং মালয়েশিয়ায় পাচার হওয়া দুই কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত চক্রের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাঁও থানা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, মৌলভীপুকুরপাড় এলাকার বাসিন্দা দুই কিশোর সোহান (১৭) ও ইসমাইল (১৬) গত ১ ফেব্রুয়ারি বিকেলে নিখোঁজ হয়। পরে তাদের পরিবার থানায় সাধারণ ডায়েরি করে। পরবর্তী সময় খোঁজখবর নিয়ে জানা যায়, তাদের মালয়েশিয়ায় পাচার করা হয়েছে। এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি মানবপাচার আইনে মামলা করা হয়।

তদন্তের অংশ হিসেবে পুলিশ প্রথমে চট্টগ্রামে আত্মগোপনে থাকা আব্দুল কাদের মামুন ও ইয়াছিন আরাফাতকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের সদস্য মিলনকে চাঁদপুরের মতলব দক্ষিণ এলাকা থেকে এবং মোস্তফাকে কক্সবাজারের উখিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোস্তফা মালয়েশিয়াভিত্তিক পাচার চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালানো হয়।

পরে মঙ্গলবার ভোরে টেকনাফের বড়ইতলী পাহাড় এলাকায় অভিযান চালিয়ে তিন রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নিখোঁজ দুই কিশোরকে উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, অভিযানের চাপের মুখে পাচারকারী চক্রটি মালয়েশিয়া থেকে কিশোরদের দেশে ফেরত পাঠাতে বাধ্য হয়।

উদ্ধার হওয়া কিশোরদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এমআরএএইচ/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।