খাদ্যমন্ত্রীর নেতৃত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫১ এএম, ২৬ মার্চ ২০২৬

দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি পর্যবেক্ষণ ও নীতিগত সিদ্ধান্তে সহায়তার জন্য ‘খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি)’ গঠন করেছে সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) এ কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

২২ সদস্যের এ কমিটির সভাপতি খাদ্যমন্ত্রী। কমিটিতে স্থানীয় সরকার, অর্থ, শিল্প, বাণিজ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা সদস্য হিসেবে রয়েছেন। এছাড়া মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের (এফপিএমইউ) মহাপরিচালক কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, এটি দেশের সার্বিক খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখবে। খাদ্যশস্য উৎপাদনের পরিসংখ্যান, চাহিদা নিরূপণ, মজুত পরিস্থিতি, খাদ্য ব্যবস্থাপনা এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তাসংক্রান্ত বিষয় পর্যালোচনা করে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেবে। পাশাপাশি পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাদ্যের নিশ্চয়তা এবং নিরাপদ খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে বাস্তব পরিস্থিতি বিবেচনায় দিক-নির্দেশনা দেবে এ কমিটি।

প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা অনুষ্ঠিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরএমএম/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।