সংসদে স্বাস্থ্যমন্ত্রী

উপজেলা হাসপাতালে গজ-ব্যান্ডেজ-সিরিঞ্জ কেনার পর্যাপ্ত টাকা নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ২৯ মার্চ ২০২৬
জাতীয় সংসদ অধিবেশন, ছবি: পিএমও

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, গত ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য খাতে লুটপাট হয়েছে। স্বাস্থ্যখাতে উন্নয়নমূলক কাজের জন্য পর্যাপ্ত তহবিল নেই, এমনকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গজ, ব্যান্ডেজ ও সিরিঞ্জ কেনার মতো পর্যাপ্ত টাকা নেই।

রোববার (২৯ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করার জন্য স্বাস্থ্যমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করেন। পরে এ বিষয়ে এ জবাব দেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্যখাতে ব্যাপক লুটপাট ও অব্যবস্থাপনা হয়েছে। এর ফলে চলমান প্রকল্পগুলিতে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। তিনি বলেন, আড়াইশ শয্যার হাসপাতালগুলোর নির্মাণকালে প্রকৌশলীদের খারাপ পরিকল্পনার কারণে প্রবেশপথে বাথরুম নির্মাণ করা হয়েছে, যেখানে মানুষের প্রবেশ অসম্ভব এবং ময়লার গন্ধ থাকে। তড়িঘড়ি করে অর্থ উপার্জনের উদ্দেশ্যে এসব হাসপাতালের অবকাঠামো খারাপভাবে নির্মাণ করা হয়েছিল।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, বর্তমানে স্বাস্থ্যখাতে উন্নয়নমূলক কাজের জন্য পর্যাপ্ত তহবিল নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গজ, ব্যান্ডেজ ও সিরিঞ্জ কেনার মতো অর্থ নেই। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে থাকা সীমিত তহবিলও শেষ হয়ে গেছে। দেশের এ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দুই-তিন দফা আলোচনা করেছেন। আগামী বাজেটের পর পর্যায়ক্রমে সীমিত সম্পদের মধ্য থেকে সব উপজেলায় জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

এমওএস/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।