চট্টগ্রামে বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, দুর্ভোগে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২৮ এপ্রিল ২০২৬
অনেক জায়গায় রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার চাকা পানিতে ডুবে যেতে দেখা যায়

বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কে হাঁটুপানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাত্র ১০ মিলিমিটার বৃষ্টিতেই হাঁটু পানিতে তলিয়ে গেছে প্রর্বতক মোড় সড়ক। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে হালকা-ভারি বৃষ্টিতে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ও নিচু এলাকায় পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হয়। এখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের দুর্ভোগে পড়তে দেখা যায়।

নগরীতে সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

jagonews24.com

নগরীর মুরাদপুর, চকবাজার, বহদ্দারহাট, রহমতগঞ্জসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে ছোট-বড় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। অনেক জায়গায় রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার চাকা পানিতে ডুবে যেতে দেখা যায়। কোথাও কোথাওআবার পথচারীদের জুতা হাতে নিয়ে পানি মাড়িয়ে চলতে হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা নিরসনে কাজ চলমান। তাই অল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হওয়ায় চট্টগ্রাম নগরীর ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা আবারও সামনে এসেছে।

তাদের অভিযোগ, প্রতিবছর বর্ষা এলেই একই চিত্র দেখা যায়, কিন্তু স্থায়ী সমাধান মিলছে না।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রবর্তক এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে। যে কারণে পানি চলাচল ব্যাহত হচ্ছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

jagonews24.com

মুবতাসিম নামে এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, জলাবদ্ধতার জন্য রিকশাচালকদের কেউ কেউ অতিরিক্ত ভাড়া আদায় করছেন। সাধারণ সময়ে ২০ টাকার ভাড়ার জন্য যাত্রীদের কাছ থেকে ৪০ এবং ৫০ টাকার ভাড়া ৯০-১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, প্রবর্তক এলাকার পাশেই জলাবদ্ধতা নিরসনে কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এ কারণে সাময়িকভাবে পানিপ্রবাহে কিছুটা সমস্যা সৃষ্টি হচ্ছে।

তিনি জানান, চলমান উন্নয়নকাজ শেষ হলে ওই এলাকায় পানি জমার সমস্যা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

এমআরএএইচ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।