নিউমার্কেটে এক ব্যক্তিকে গুলি করে হত্যা, শরীরে পাঁচটি গুলির চিহ্ন
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার শরীরে পাঁচটি গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউমার্কেট থানার শাহনেওয়াজ ছাত্রাবাসের (ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাস) সামনে এ ঘটনা ঘটে।
নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রাত ৮টার দিকে শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটগাছের নিচে কে বা কারা ওই ব্যক্তিকে গুলি করে পালিয়ে যায়, তা জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. মেজবাহ রহমান বলেন, রাত ৮টার দিকে নিউমার্কেট বটতলা শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের রাস্তায় দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে ওই ব্যক্তিকে এলোপাতাড়ি গুলি করতে থাকে। তখন গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান ওই ব্যক্তি। একপর্যায়ে আশপাশের লোকজন মিলে তাদের ধাওয়া দিলে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। যাওয়ার পথে লোকজনদেরও ভয় দেখানোর জন্য গুলি ছোড়ে। তাদের দুজনেরই ক্যাপ ও মাস্ক পরিহিত ছিল।
বর্তমানে ওই ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই ব্যক্তির শরীরে পাঁচটা গুলির চিহ্ন রয়েছে।
কেআর/কাজী আল-আমিন/বিএ