মেয়র শাহাদাত
হিন্দু-বৌদ্ধ-মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতির চট্টগ্রাম গড়ে তুলতে চান তারা।
বুধবার (২৯ এপ্রিল) বুদ্ধপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, হিন্দু, বৌদ্ধ, মুসলিম—আমরা সবাই মিলে একটি সৌহার্দ্যপূর্ণ নগর গড়তে চাই। পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানই একটি মানবিক শহরের ভিত্তি।
অনুষ্ঠানে ‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এই শান্তি ও মানবতার বার্তা তুলে ধরা হয়। পরে উপস্থিত অতিথিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, বুদ্ধপূর্ণিমা মানুষকে মানবতা, অহিংসা ও বিশ্বশান্তির শিক্ষা দেয়। এ ধরনের ধর্মীয় আয়োজন পারস্পরিক সৌহার্দ্য আরও দৃঢ় করতে ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কিসিঞ্জার চাকমা। আরও বক্তব্য দেন দীপন কান্তি চৌধুরী, রোমা বড়ুয়া, দেবজিৎ বড়ুয়া, উর্মিলা বড়ুয়া, কাজল বড়ুয়া, রিপন বড়ুয়া, পরিতোষ বড়ুয়া ও পীযুষ বড়ুয়াসহ অন্যরা।
মেয়র জানান, স্থানীয় বাসিন্দাদের অনুরোধে একটি বৌদ্ধ মন্দিরের সামনে গোলচত্বর পদ্মফুলের নকশায় সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে। পাশাপাশি মোহরা এলাকায় একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সাম্প্রতিক ভারী বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতার বিষয়ে তিনি বলেন, এ সমস্যা নিরসনে সিটি করপোরেশন কাজ করছে। দ্রুত সমাধানে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠান শেষে মেয়র বলেন, সবাই সুস্থ ও ভালো থাকবেন এটাই কামনা। আমরা সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়ে তুলব।
এমআরএএইচ/এমআরএম