আলোকচিত্র সময়ের দলিল, সংবাদের বিশ্বাসযোগ্যতার ভিত্তি: প্রতিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ৩০ এপ্রিল ২০২৬
জাতীয় প্রেসক্লাবে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ছবি কেবল আলো–ছায়ার খেলা নয়, এটি একটি সময়ের দলিল, যা ইতিহাসকে চিরস্থায়ী করে রাখে। একটি সংবাদের গ্রহণযোগ্যতা নির্ভর করে ঘটনার নির্ভুল ভিজ্যুয়াল রেকর্ডের ওপর।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, কর্মজীবনের শুরুতে আমার প্রবল ইচ্ছা ছিল ফটো জার্নালিস্ট হওয়ার। ক্যামেরার লেন্সে জীবনকে দেখার, সেই স্বপ্ন আজও আমাকে অনুপ্রাণিত করে।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহায়তায় ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্ট, নেপাল (এনএফপিজে) এই প্রদর্শনীর আয়োজন করেছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তার ব্যক্তিগত জীবনের পুরোনো স্মৃতি রোমন্থন করে বলেন, নব্বইয়ের দশকের দিকে আমি যখন নেপাল ভ্রমণে গিয়েছিলাম, সেই অভিজ্ঞতা ছিল এক কথায় অনন্য। হিমালয়ের কোল ঘেঁষে থাকা দেশটির মানুষের সারল্য আর প্রাকৃতিক বৈচিত্র্য আমাকে মুগ্ধ করেছিল।

তিনি বলেন, দুই দেশের মৈত্রীর বন্ধন শক্তিশালী করতে এ ধরনের আয়োজন প্রশংসার দাবি রাখে।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মহসিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্ট, নেপালের সভাপতি প্রদীপ রাজ অনন্তা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য রওনাক হোসেন।

বক্তারা বলেন, নেপাল এবং বাংলাদেশের ভৌগোলিক ও সাংস্কৃতিক মিল অনেক। আলোকচিত্রীদের লেন্সের মাধ্যমে এই দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পেশাদারত্বের আদান-প্রদান বাড়বে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ইয়াসের খান চৌধুরী ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে পুরো গ্যালারি ঘুরে দেখেন। প্রদর্শনীতে নেপালের পাহাড়, উপত্যকা, উৎসব ও সাধারণ মানুষের জীবনের নানা মুহূর্ত উঠে এসেছে।

এমএএস/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।