চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন
চট্টগ্রাম মহানগরের খাল ও পানি নিষ্কাশনব্যবস্থা সারা বছর সচল রাখতে এবং বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে ১৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. শাহাদাত হোসেন। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।
কমিটিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের ব্রিগেড কমান্ডার, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), জেলা প্রশাসক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
এছাড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প পরিচালক ও বিশেষজ্ঞরাও কমিটিতে যুক্ত হয়েছেন।
অফিস আদেশে বলা হয়, কমিটি চট্টগ্রাম মহানগরের সব খাল ও পানি নিষ্কাশন নালা সারা বছর সচল রাখা, উন্নয়ন ও সেবামূলক কাজের মধ্যে সমন্বয় এবং জলাবদ্ধতাসহ জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কাজ তদারকি করবে।
এ ছাড়া প্রয়োজন হলে মহানগরের উন্নয়নমূলক প্রকল্প দ্রুত গ্রহণ ও বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার জন্য কমিটি নিয়মিত সভা করবে। জনস্বার্থে প্রয়োজনীয় বিষয়ে সরকারকে সুপারিশও করতে পারবে এই কমিটি।
মন্ত্রণালয় জানিয়েছে, চট্টগ্রাম মহানগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত কার্যক্রম নিশ্চিত করতেই এ কমিটি গঠন করা হয়েছে।
এমআরএএইচ/এমএএইচ/