মে মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০১ পিএম, ৩০ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম

মে মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করেছে সরকার। আপাতত আগের মাসের দামই বহাল থাকছে।

সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে।

মে মাসেও ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেনের দাম ১৪০ টাকা, পেট্রোলের দাম ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা বহাল থাকবে।

এর আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করা হয় গত ১৮ এপ্রিল।

ওই সময় ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রইসরায়েল যৌথভাবে ইরানে‌ হামলা চালানোর পর অস্থিতিশীল হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। এ উত্তেজনার বড় প্রভাব পড়ে হরমুজ প্রণালিতে। এই প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের একটি বড় অংশের তেল এখান দিয়ে পরিবাহিত হয়।

বাংলাদেশেও এর নেতিবাচক প্রভাব পড়ে। পেট্রোল পাম্পগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে মানুষকে তেল নিতে হয়। মানুষ আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনায় পরিস্থিতি আরও জটিল হয়। পরবর্তীসময়ে সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়। এরপর থেকে পেট্রোল পাম্পগুলো এখন প্রায় স্বাভাবিক গতিতে তেল দিচ্ছে।

আরএমএম/এএসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।