মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ
রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ জনপথ মোড়ে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার (১ মে) দিনগত মধ্যরাতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরহাদ আলী বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে সায়েদাবাদ জনপথ মোড়ে গিয়ে দেখতে পাই- মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে একজনের মরদেহ পড়ে আছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন
ঢাকার খালে টয়লেটের লাইন, পাড়ে নাক চেপে বসবাস
সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
তিনি বলেন, স্থানীয়দের কাছে জানতে পারি ওই ব্যক্তি দীর্ঘদিন ওই এলাকায় ঘোরাফেরা করতেন। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি, প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে, যোগ করেন এসআই ফরহাদ আলী।
কাজী আল-আমিন/কেএসআর