ভারতের পররাষ্ট্র সচিব
বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির ছাড়ার খবর ভিত্তিহীন
অবৈধ অভিবাসন ও চোরাচালান ঠেকাতে বাংলাদেশ সীমান্তে কুমির ও বিষাক্ত সাপ ছাড়া হবে- সম্প্রতি এমন খবর প্রকাশ করে ভারতীয় কয়েকটি গণমাধ্যম। তবে এ খবরকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
সোমবার (৬ মে) নয়াদিল্লিতে সফররত বাংলাদেশি সাংবাদিকদের এক প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে এ বিষয়ে তাকে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বিষয়টি ‘ভিত্তিহীন’ বলে জানান।
আলোচনায় তিস্তা পানিবণ্টন, গঙ্গা চুক্তির নবায়ন, ভিসা ব্যবস্থা, জ্বালানি সহযোগিতা, আঞ্চলিক রাজনীতি এবং সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যসহ নানান বিষয় উঠে আসে।
এসময় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে বিক্রম মিশ্রি বলেন, সেগুলো নির্দিষ্ট রাজনৈতিক প্রেক্ষাপটে দেওয়া হয়েছে এবং সেগুলো দ্বিপাক্ষিক কূটনীতির সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়।
আরও পড়ুন
অগ্রাধিকার ঠিক করলে ঢাকার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত দিল্লি
বাংলাদেশে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে’ ভারতের সম্পৃক্ততা ছিল না
ভিসা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের নতুন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। দুই দেশের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক প্ল্যাটফর্ম পুনরায় সক্রিয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বাণিজ্য বৃদ্ধি, ভিসা সহজীকরণ এবং সম্ভাব্য সেপা চুক্তি (সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি) নিয়েও আগ্রহ রয়েছে উভয় পক্ষের। মেডিকেল ভিসা এরই মধ্যে বাড়ানো হয়েছে এবং ধীরে ধীরে অন্যান্য ভিসাও স্বাভাবিক করা হবে।
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে গিয়ে বিক্রম মিশ্রি বলেন, সব বিষয়ে বাস্তবভিত্তিক যোগাযোগ বাড়াতে চায় ভারত।
জেপিআই/কেএসআর