রাঙ্গুনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় রানু আক্তার (২৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
রানু আক্তার উপজেলার পদুয়া ইউনিয়নের ৩ নম্বর হরিহর ওয়ার্ড এলাকার বাচা মিয়ার মেয়ে এবং সেকান্দর হোসেনের স্ত্রী।
সোমবার (১১ মে) পদুয়া ইউনিয়নের ৩ নম্বর হরিহর ওয়ার্ডে গোলাম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রানু আক্তার রান্নাঘরের বিমের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন।
প্রতিবেশীরা জানান, রানু আক্তার গত দুই মাস ধরে মানসিক রোগের চিকিৎসা নিচ্ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, মানসিক অস্থিরতা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ বলেন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান।
এমআরএএইচ/ইএ