আনোয়ারায় গৃহবধূ মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেফতার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া আত্মহত্যার প্ররোচনা মামলার প্রধান আসামি মো. মিজানুর রহমানকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-৭। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (১১ মে) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার আধুনিক চক সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, হালিমা আক্তার আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঞ্চন মুন্সিবাড়ি এলাকার মোহাম্মদ ইসহাকের মেয়ে। ২০২৩ সালের ২৫ অক্টোবর আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের বরৈয়া গ্রামের মো. মিজানুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে দেড় বছরের এক কন্যাসন্তান রয়েছে।
পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন হালিমা আক্তারের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। এ নিয়ে একাধিকবার সামাজিক বৈঠকও হয়। নির্যাতনের কারণে কিছুদিন তারা ভাড়া বাসায় থাকলেও সম্প্রতি শ্বশুরের অসুস্থতার কথা বলে তাকে আবার শ্বশুরবাড়িতে নেওয়া হয়।
গত ১০ মে ভোরে মিজানুর রহমান ফোন করে হালিমার পরিবারকে তার আত্মহত্যার খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘরের টিনের চালের বিমের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পান। এসময় মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও দেখা যায় বলে দাবি পরিবারের।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আনোয়ারা থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, মামলার পর থেকেই প্রধান আসামিকে গ্রেফতারে নজরদারি চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআরএএইচ/এমআইএইচএস