ঈদের আগে জাল টাকা ছড়ানোর পরিকল্পনা ভেস্তে দিলো র্যাব, গ্রেফতার ২
রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে জাল নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-৩। গ্রেফতাররা হলেন, কামরুল ইসলাম (২৮) ও নিষাদ হোসেন (২৮)।
র্যাব জানায়, আসন্ন ঈদকে সামনে রেখে একটি চক্র জাল টাকা তৈরির প্রস্তুতি নিচ্ছিল।
বৃহস্পতিবার (১৪ মে) র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টা ২০ মিনিটের দিকে মতিঝিল থানার কমলাপুর বাজার রোডের একটি সাইবার নেট ক্যাফেতে অভিযান চালানো হয়। এসময় জালনোট তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দুজনকে গ্রেফতার করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের ৪০টি জালনোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ২০ হাজার টাকা। এছাড়া জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি সিপিইউ, মনিটর, স্ক্যানার, কালার প্রিন্টার, কিবোর্ড, মাউস, সংযোগ ক্যাবল এবং এক রিম সাদা কাগজ জব্দ করা হয়েছে।
মেহেদী ইমরান বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে জাল টাকা প্রস্তুত করে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল। তারা জালনোটকে আসল টাকা হিসেবে বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। মূলত ঈদকে টার্গেট করে এসব জাল নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল তাদের।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জালটাকা কারবারি ও প্রতারক চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা।
টিটি/এমএএইচ/